চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ | ১২:১৩ অপরাহ্ণ

ম্যাকাই টেস্টে মাত্র দুই দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধসের ধাক্কা সামলাতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হলো নাজমুল হোসেনের দলকে।

প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৬৪ রানে। জবাবে অস্ট্রেলিয়া ২১০ রান তুলে পায় ১৪৬ রানের বড় লিড। এরপর দ্বিতীয় ইনিংস শুরু হতেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মিচেল স্টার্কের করা টানা দুই বলে ফিরে যান সাদমান ইসলাম ও মুমিনুল হক। এরপর অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান, লিটন দাস ও অধিনায়ক নাজমুল হোসেনও।

একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম, তবে তাঁকে দীর্ঘক্ষণ সঙ্গ দিতে পারেননি কেউই। তাইজুল ইসলামকে বোল্ড করে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন স্টার্ক। দিনের শেষদিকে তাসকিন আহমেদ স্লিপে ক্যাচ দিয়ে ফিরলে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

তবে ম্যাচে হতাশার মাঝেও একটি উজ্জ্বল দিক ছিল শরীফুল ইসলামের বোলিং। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে তিনি গড়েন বাংলাদেশি কোনো পেসারের সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড। তবে তাঁর এই অসাধারণ পারফরম্যান্সও শেষরক্ষা করতে পারেনি দলের জন্য।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ এবার ম্যাকাইয়ে ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে ম্যাচটি হারল ইনিংস ব্যবধানে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট