চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কিশোর ও তরুণদের মাঝে ফুটবল জার্সি বিতরণ করেছে মানবিক ও সামাজিক সংস্থা সাফিয়া খানম ফাউন্ডেশন। ২১ আগস্ট শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই জার্সি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জার্সি বিতরণ করেন সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ মাসুদ। এ সময় তিনি বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াল থাবা, মারাত্মক মুঠোফোন আসক্তি এবং নানাবিধ অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই আমার প্রয়াত সহধর্মিনী স্মরণে প্রতিষ্ঠিত সাফিয়া খানম ফাউন্ডেশন-এর পক্ষ থেকে এই জার্সি উপহার দেওয়া হলো।
তিনি আরও জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রসারে ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আলমগীর কবির, জাহাঙ্গীর আলম, জানে আলমসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ।
পূর্বকোণ/কিরণ/পারভেজ
















