বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে যে নানা প্রশ্ন ও ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছিল, এবার তার জবাব দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
ফাইনালের এক মাস পূর্তিতে প্রকাশিত এক ভিডিওতে কথা বলেছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাঠে কোনো রহস্যজনক ঘটনা ঘটেনি, বরং শিরোপার জন্য সর্বোচ্চটা দিয়েই লড়েছিল দল।
গোলডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, ঠিক এক মাস আগে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে হারের পর এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনার বিশ্বকাপযাত্রা এবং দলটির প্রতি সমর্থকদের আবেগ।
ভিডিওতে দেখা গেছে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস, গুরুত্বপূর্ণ ম্যাচের নানা মুহূর্ত এবং প্রতিটি রাউন্ডে প্রতিকূলতা পেরিয়ে দলের এগিয়ে যাওয়ার দৃশ্য। এএফএর কর্মকর্তারা তুলে ধরেছেন-ব্যাপক সংশয়, সমালোচনা ও চাপের মধ্যেও আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল।
ভিডিওর শুরুতেই প্রতিটি ধাপে কঠিন পরিস্থিতি সামলে দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তবে ভিডিওর বার্তা সরাসরি সমালোচকদের উদ্দেশে ছিল। সেখানে বলা হয়েছে, ‘এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেক মানুষই চায়নি। আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। আমরা প্রতিটি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছি।’
এএফএর বক্তব্য অনুযায়ী, জাতীয় দলের বিরুদ্ধে পরিকল্পিত ও সংগঠিত নানামুখী প্রচারণাও চালানো হয়েছিল। তবে স্পেনের কাছে ফাইনালে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত তারা।
ভিডিওতে বলা হয়েছে, ‘এই দলটি আর্জেন্টিনার মানুষকে আরেকটি ফাইনাল উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে এসেছিল। আমাদের বিরুদ্ধে যত আর্জেন্টিনা বিরোধী প্রচারণাই চালানো হোক না কেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি।’
ভিডিওর শেষাংশে বেশি গুরুত্ব পেয়েছে দলের আবেগ এবং নেতৃত্ব। যেকোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে সেখানে।
বার্তায় বলা হয়েছে, ‘কেউ যদি আপনাকে বলে কিছু একটা ঘটেছে, তাকে বলুন হ্যাঁ, ঘটেছে। যা ঘটেছিল সেটা হলো এমন একটি দল, যারা জয়ের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল, শেষ পর্যন্ত লড়েছিল এবং মাথা উঁচু করে মাঠ ছেড়েছিল।’
পূর্বকোণ/নুসরাত
















