আবারও নতুন এক আলোচনায় জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতিকে নিয়ে সমালোচনা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন ল্যামোরকে সংস্থাটি বরখাস্ত করেছে। ইনফান্তিনোর বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ বৈশ্বিক টুর্নামেন্টগুলোর মালিকানা বিক্রির পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিলেন।
ফিফার বিবৃতিতে এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ‘চিফ অপারেটিং অফিসার হিসেবে কেভিন ল্যামোরের সাথে ফিফার কর্মসম্পর্ক ১৭ আগস্ট ২০২৬ তারিখে শেষ হয়েছে। ফিফা কেভিনকে তার দুই বছরের সেবার জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতের জন্য তার শুভকামনা করছে।’
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রম একটি ইমেইলের মাধ্যমে কর্মীদের খবরটি জানান। তিনি তাদের বলেছেন, ‘সংস্থাটি ল্যামুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সম্মত হয়েছেন।’
গত মাসে ল্যামোর বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনাকে ‘একজনের প্রকল্প’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেছেন, ‘ফুটবলের রাজনৈতিক নেতাদের এখন নিজেদের সঠিক প্রশ্ন করার এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। এখন পরিত্যক্ত এ প্রকল্পটি সম্পর্কে ফিফার নিজস্ব প্রশাসনকে প্রতারিত করা হয়েছিল। আমাদের এবং ফিফার শত শত নিবেদিতপ্রাণ কর্মীদের লক্ষ্য হলো ফুটবলের সেবা করা।’
‘একজন সভাপতিকে অবশ্যই মানুষকে একত্রিত করতে হবে, তাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং অনুপ্রাণিত করতে হবে। আজ আমরা এর বিপরীতটাই দেখছি। এর ফলে যদি আমার চাকরি চলে যায়, তবে তাই হোক। আমি সেই সিদ্ধান্তটি বুঝব এবং সম্মান করব। অন্তত আজ রাতে আমি শান্তিতে ঘুমাতে পারব।’
ল্যামোর ২০২৪ সালের নভেম্বরে ফিফায় যোগ দেন। এর আগে তিনি উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইনফান্তিনোর চেয়ে ব্যবস্থাপনার দুই স্তর নিচে ছিলেন।
চলতি মাসের শুরুতে মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে ইনফান্তিনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পেলেও, ইংলিশ এক গণমাধ্যমকে জানানো হয়েছে, ল্যামোরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি।
পূর্বকোণ/আদর/পারভেজ

















