চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ম্যচ কিংবা সিরিজ জয়ের পর বোনাসের রীতি থাকছে না বিসিবিতে

ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বোনাসের রীতি থাকছে না বিসিবিতে

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট, ২০২৬ | ৫:৫০ অপরাহ্ণ

ঐতিহাসিক বা বড় জয়ের পর খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আর্থিক পুরস্কৃত করার একটা পুরোনো রীতি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর প্রত্যাশিতভাবেই প্রশ্নটা উঠেছিল, এবার কি দেওয়া হচ্ছে ক্রিকেটারদের!

 

সবার ধারণা ছিল এবারো বড় অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর দল। তবে এই সংস্কৃতি থেকে এবার বের হতে চাচ্ছে বিসিবি। কোনো সিরিজ বা ম্যাচ জিতলে আর বোনাসের রেওয়াজ থাকছে না। প্রাথমিকভাবে এমনটি সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।

 

তিনি জানান, বোনাস সংস্কৃতির আগের রীতি থেকে বের হতে চাচ্ছি আমরা। কোনো ম্যাচ বা সিরিজের জন্য বোনাস না দিয়ে বছর শেষে ভালো খেলার ওপর ক্রিকেটারদের কিছু দেওয়া যেতে পারে।

 

দিন দুয়েক আগে অবশ্য এমন ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতলে বোনাস ঘোষণা করা আবার আইসিসি ইভেন্ট বা কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভরাডুবি হলে সমালোচনা করা হয়। তামিম এ ব্যাপারে বলছিলেন, ‘প্রত্যেক সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদের এখানে নিয়ে এসে প্রশ্ন করা—আমি এটার পক্ষে না। ক্রিকেট এভাবে চলে না।’

 

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক অর্জনের পর ক্রিকেটারদের বোনাস দেওয়া হবে কি না এমন এক প্রশ্নে তামিম বলেছিলেন, ‘বোনাসের বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। আমরা খেলোয়াড়দের সাথে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দিবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

 

উল্লেখ্য, দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ।

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন