এশিয়া কাপ ও এশিয়ান গেমসকে সামনে রেখে দুই মঞ্চের জন্যই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দুই স্কোয়াডেই অধিনায়ক হিসেবে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ফাতিমা সানা।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না ফাতিমা। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলায় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এবার গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্টের নেতৃত্বের দায়িত্ব ফিরে পেয়েছেন এই অলরাউন্ডার।
আট দলের এ নারী এশিয়া কাপ শুরু হবে ২৮ আগস্ট এবং শেষ হবে ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে । দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পুরো আসর।
নারী এশিয়া কাপের গ্রুপ ‘এ’তে আছে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, চীন, থাইল্যান্ড ও হংকং। গ্রুপে ‘বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপ শেষে পাকিস্তান নামবে ২০তম এশিয়ান গেমসের নারী ক্রিকেটে। সেখানে পাকিস্তান ও থাইল্যান্ডকে একই সিডিংয়ে রাখা হয়েছে। ফলে ১৭ সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে বাংলাদেশ মুখোমুখি হবে চীনের এবং শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং ভারত খেলবে জাপানের বিপক্ষে। সব ম্যাচ হবে আইচির কোরোগি অ্যাথলেটিক পার্কে।
সেমিফাইনালে উঠতে পারলে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়ার বিপক্ষে খেলতে হবে পাকিস্তানকে। ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ ও সোনার পদকের লড়াই।
দুই অসরে স্কোয়াডেই জায়গা পেয়েছেন ১২ ক্রিকেটার। তারা হলেন ফাতিমা সানা, মুনিবা আলী সিদ্দিকী, শাওয়াল জুলফিকার, আয়েশা জাফর, গুল ফেরোজা, সাইরা জাবিন, আইমান ফাতিমা, ইমান নাসির, উম্মে-হানি, তুবা হাসান, নাশরা সান্ধু ও মোমিনা রিয়াসাত।
তবে এশিয়া কাপের দলে আছেন নাজিহা আলভি, ওয়াহিদা আখতার ও সাদিয়া ইকবাল। অন্যদিকে শুধু এশিয়ান গেমসের স্কোয়াডে আছেন আলিয়া রিয়াজ, তাসমিয়া রুবাব ও হুমনা বিলাল।
পূর্বকোণ/আদর/পারভেজ

















