দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। মিরপুরে হোম অব ক্রিকেটে এইচপির তোলা ১৫৮ রানের জবাবে মাত্র ৬৯ রানে থেমে যায় অতিথি মালয়েশিয়ার ইনিংস। সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি দল।
মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু করেন জিসান আলম এবং জাওয়াদ আবরার। সুবিধা করতে পারেননি জিসান। ৭ বলে করেছেন ০ রান। জাওয়াদ শুরু থেকেই চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং। ১৮ বলে ২৮ রানের ইনিংস খেলে জাওয়াদ সাজঘরে ফিরে যান। মাঝে আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন। জাওয়াদের বিদায়ের পর ক্রিজে বাঁধেন সাব্বির রহমান এবং প্রীতম কুমার। তবে সুবিধা করতে পারেননি প্রীতম। দলের ৬৫ রানের মাথাতে ৭ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান প্রীতম।
১২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান সাব্বিরও। এরপর ক্রিজে জুটি বাঁধেন আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন। ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন সাকলাইন। এরপর ৩ বলে ১ রান করে বিদায় নেন আবু হায়দার রনি। শেষ দিকে দারুণ কিছু বাউন্ডারিতে দলের বোর্ডে রান তুলেছেন মেহেরব। রাকিবুল হাসান ৪ বলে ৪ রান করে দলের ১৪৭ রানের মাথাতে আউট হন। শেষের আগের ওভারে থেমেছেন অধিনায়ক মেহেরবও। ২২ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ এইচপি।
জবাব দিতে নামা মালয়েশিয়াকে প্রথম বলেই ধাক্কা দেন এইচপির আবু হায়দার রনি। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেন নাজমুল সাকিব। তাকে বোল্ড করেছেন রনি। সাকিবের পর আরেক ওপেনার আসলাম খান বিন মালিক ফিরেছেন ৫ বলে ০ রান করে। তিনে নামা আহমেদ আকীল ওয়াহিদ খেলেন ২৫ বলে ২৯ রানের ইনিংস। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ৪২ রান তোলে মালয়েশিয়া।
এরপর দলের হাল ধরেন মোহাম্মদ আমির আজিম এবং বিজয় উনি। ১৫ বলে ১৪ রান করা বিজয়কে ফিরিয়েছেন আবদুল গাফফার সাকলাইন। ২২ বলে ১৫ রান করা আজিমকে বিদায় করেছেন মোহাম্মদ রুবেল হাসান। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে হারের প্রহর গুণতে শুরু করে মালয়েশিয়া। শেষ পর্যন্ত ৬৯ রান তুলে অলআউট হয়েছে মালয়েশিয়া। ৮৯ রানে জিতেছে এইচপি দল।
পূর্বকোণ/কিরণ/পারভেজ
















