ফিফার ব্যর্থ বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার জেরে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো। একাধারে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলা এই কিংবদন্তি এমন দাবি তুলেছেন ওয়েলস ও ইংল্যান্ড ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ফিগো ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুলেন। তিনি বলেন, ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোর সরে দাঁড়ানো উচিত।
ফিগো বলেন, ‘আজ আমি ফুটবল বিশ্বের অনেকের সঙ্গে একমত হয়ে জিয়ান্নি ইনফান্তিনোর ফিফা সভাপতির পদ থেকে পদত্যাগ দাবি করছি। যে পদকে মর্যাদার আসনে বসানোর প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেটিকেই তিনি কলঙ্কিত করেছেন। তিনি মিথ্যা বলেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন এবং ফুটবলের স্বার্থের বদলে নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।’
ফিগোর ভাষায়, ‘তিনি তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের, ঘনিষ্ঠ উপদেষ্টাদের, এই খেলার জন্য জীবন উৎসর্গ করা অধিকাংশ মানুষের সমর্থন হারিয়েছেন। এমনকি মনে হচ্ছে ফিফা পিস প্রাইজ বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও আর তার নেই।’
ফিফা ও ইনফান্তিনোর পরিকল্পনা ছিল একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করা, যা ফিফার প্রধান প্রতিযোগিতাগুলো, বিশেষ করে বিশ্বকাপ পরিচালনা করবে। এরপর বাইরের বিনিয়োগকারীরা সেই প্রতিষ্ঠানের অংশীদারিত্ব কিনতে পারবেন। ইউরোপ, এএফসি, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলো ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিল। উয়েফা ও কনকাকাফ উভয়ই এই পরিকল্পনার সমালোচনা করে বিবৃতি দেয়।
এরপর ফিফা এই পরিকল্পনা থেকে সরে আসলেও উয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। সংস্থাটি এর আগে এই পরিকল্পনা সম্পর্কে জানার পর বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল।
পূর্বকোণ/আদর/পারভেজ















