চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

এবার ক্রিকেটেও বিশ্ব রেকর্ড স্পেনের

স্পোর্টস ডেস্ক

৭ আগস্ট, ২০২৬ | ৩:৩৬ অপরাহ্ণ

শুধু ফুটবলে রাজত্বই নয় স্পেনের ভান্ডারে আছে আন্তর্জাতিক ক্রিকেটেরও বিরল বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন তাদের দখলে। গত বছরের ৫ ডিসেম্বর কার্তাহেনায় ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেন টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়ে। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার যৌথ রেকর্ড ছিল নাইজেরিয়া, জাপান ও উগান্ডার। রেকর্ড গড়ার পরও থামেনি স্প্যানিশরা। আরও চারটি ম্যাচ জিতে তারা অপরাজিত থাকার ধারাকে নিয়ে গেছে টানা ২২ ম্যাচে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। তিন দলই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ অপরাজিত ছিল।
এখন স্পেনের সামনে আরও বড় ইতিহাস গড়ার সুযোগ। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটÑটেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন অস্ট্রেলিয়ার। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫টি টেস্টে হারেনি অজিরা। সেই মাইলফলক ছুঁতে স্পেনের প্রয়োজন আর মাত্র চারটি অপরাজিত ম্যাচ। শুধু অপরাজিত থাকার রেকর্ডই নয়, টানা জয়ের তালিকাতেও অস্ট্রেলিয়ার পাশে নাম লিখিয়েছে স্পেন। বর্তমানে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ জিতে তারা স্পর্শ করেছে অস্ট্রেলিয়ার রেকর্ড, যা ২০০৩ সালে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে গড়েছিল রিকি পন্টিংয়ের দল।

 

পূর্বকোণ/কিরণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট