চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

১৩ আগস্ট শুরু প্রথম টেস্ট

অস্ট্রেলিয়া সফরে টপ অর্ডার নিয়েই যত দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক

৬ আগস্ট, ২০২৬ | ৯:৪৪ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট চ্যালেঞ্জ নিতে নামছে বাংলাদেশ। ১৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলে দিয়ে প্রস্তুতি নিচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। তিনদিনের ম্যাচটি শুরু হয়েছে ৬ আগস্ট। ম্যাচের প্রথম দিনে ওপেনিংসহ টপ অর্ডারের ব্যর্থতায় মুল ম্যাচের আগে দেখা দিয়েছে দুশ্চিন্তা। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট, নতুন বলের গতি এবং প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডদের মতো বিশ্বমানের পেসারদের মোকাবেলা করতে হলে শুরুটা ভালো করা ছাড়া বিকল্প নেই। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেও সেই পুরোনো চিত্রের পুনরাবৃত্তি দেখা গেল। একের পর এক ব্যর্থ হয়েছেন দলের শীর্ষ সারির ব্যাটসম্যানরা। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের কার্যকর পারফরম্যান্সে কিছুটা স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
অজিদের দেশে সফরের আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল তানজিদ হাসান তামিমের সঙ্গী কে হবেন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরে আসা সৌম্য সরকার, নাকি নিয়মিত টেস্ট ওপেনার সাদমান ইসলাম, এই প্রশ্নের উত্তর খুঁজছিল টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সিরিজগুলোতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েন মাহমুদুল হাসান জয়। তার জায়গায় আবারও জাতীয় দলের দরজা খুলে সৌম্যের। ২০১৫ সালে টেস্ট অভিষেকের পর সৌম্য সরকারকে ঘিরে তৈরি হয়েছিল বড় প্রত্যাশা। আক্রমণাত্মক ব্যাটিং, পেস বোলিংয়ের বিপক্ষে স্বাভাবিক দক্ষতা এবং শট খেলার সামর্থ্যরে কারণে দ্রুতই আলোচনায় এসেছিলেন তিনি। কিন্তু ধারাবাহিকতার অভাব তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। এবার অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অন্যদিকে সাদমান ইসলাম দীর্ঘদিন ধরে টেস্ট দলের অংশ। ধৈর্যশীল ব্যাটিং তার বড় শক্তি। তবে বড় ইনিংস খেলার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিকতার ঘাটতি রয়েছে। তানজিদ হাসান তামিম সীমিত ওভারের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন। কিন্তু টেস্ট ক্রিকেটে, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো জায়গায়, ধৈর্য ও টেকনিকের বড় পরীক্ষা দিতে হবে তাকে।
প্রস্তুতি ম্যাচে মিরাজের ব্যাটিং এবং বোলারদের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দিলেও টেস্ট সিরিজের আগে টপ অর্ডারের সমস্যা কাটেনি। কারণ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে শুরুতেই উইকেট হারালে চাপ চলে যাবে মিডল অর্ডারের ওপর। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মুশফিকুর রহিম বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটিং স্তম্ভ। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে হলে প্রথম ঘণ্টার পরীক্ষায় টিকে থাকতে হবে বাংলাদেশকে। নতুন বল সামলানো, ধৈর্য ধরে ব্যাটিং করা এবং বড় জুটি গড়াই হবে সাফল্যের মূল চাবিকাঠি।
প্রসঙ্গত. ৬ আগস্ট শুরু প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ওপেনার সাদমান ইসলাম ৩১, আরেক ওপেনার তানজিদ তামিম ৮ বলে শুন্য, টপ অর্ডারে মুমিনুল হক ৫৮ বলে ১৬, মুশফিকুর রহিম ৪ বলে শুন্য ও অধিনায়ক নাজমুল শান্ত ৫৩ বলে ৩৭ রান করেন। সৌম্য সরকার নামেন ৬ নম্বরে, খেলেন ৩৬ বলে ১৬ রানের ইনিংস।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট