চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লেস্টার সিটি ছাড়ছেন হামজা, গন্তব্য আজারবাইজানের সাবাহ এফসি?

স্পোর্টস ডেস্ক

৬ আগস্ট, ২০২৬ | ৯:৫৬ অপরাহ্ণ

ইংল্যান্ডে দীর্ঘ সময় কাটানোর পর নতুন ঠিকানার পথে এগোচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব সাবাহ এফসি তাকে দলে ভেড়াতে আগ্রহী। দেশটির ক্রীড়া সংবাদমাধ্যমের দাবি, ব্যক্তিগত শর্ত নিয়ে হামজা ও ক্লাবের মধ্যে ইতোমধ্যেই সমঝোতা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেয়নি। আজারবাইজানের সংবাদমাধ্যম অফসাইডপ্লাসের তথ্য অনুযায়ী, হামজা লেস্টার সিটির সঙ্গে সম্পর্ক শেষ করে সাবাহ এফসিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে হামজাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল সাবাহ এফসি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতেই দেখা যেতে পারে লাল-সবুজের এই মিডফিল্ডারকে। হামজা শেষ পর্যন্ত সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগও তৈরি হবে। আজারবাইজানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই ধাপ সফলভাবে অতিক্রম করে তৃতীয় বাছাইপর্বে পৌঁছেছে। ফলে এই দলবদল সম্পন্ন হলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনাও থাকবে বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ফুটবলারের।

 

হামজা চৌধুরীর ফুটবল পরিচয়ের বড় অংশজুড়ে রয়েছে লেস্টার সিটি। মাত্র সাত বছর বয়সে ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। বয়সভিত্তিক বিভিন্ন দল পেরিয়ে ২০১৭ সালে লিস্টারের মূল দলে অভিষেক হয় তার। লিস্টারের হয়ে হামজা জিতেছেন এফএ কাপ, কমিউনিটি শিল্ড এবং চ্যাম্পিয়নশিপ শিরোপা। বিশেষ করে ২০২১ সালের এফএ কাপ জয় ছিল ক্লাবটির ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। যদিও লিস্টারের হয়ে তার ক্যারিয়ারে চড়াই-উতরাই ছিল, তবু ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর। ২০২৩ সালে লেস্টারের সঙ্গে নতুন চুক্তি করেছিলেন হামজা। তখন তিনি ক্লাবটিকে নিজের ‘বাড়ি’ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু ফুটবলে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়। দলে প্রতিযোগিতা, খেলার সুযোগ এবং নতুন চ্যালেঞ্জের বিষয় বিবেচনায় নিয়ে এখন নতুন ঠিকানার সন্ধানে তিনি। ২৮ বছর বয়সী হামজা এখন ক্যারিয়ারের এমন পর্যায়ে আছেন, যেখানে নিয়মিত খেলার সুযোগ গুরুত্বপূর্ণ। নতুন ক্লাবে গিয়ে নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন তিনি। লেস্টার সিটির সঙ্গে তার সম্পর্ক হয়তো শেষের পথে, কিন্তু হামজা চৌধুরীর ফুটবল যাত্রা এখনো অনেক দূরের। বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা- নতুন ক্লাবেও তিনি সফল হবেন এবং দেশের ফুটবলের জন্য আরও বড় অবদান রাখবেন। তবে সবকিছুর আগে অপেক্ষা এখন আনুষ্ঠানিক ঘোষণার। গুঞ্জন সত্যি হলে আজারবাইজানের সাবাহ এফসিই হবে হামজা চৌধুরীর ইউরোপীয় ক্যারিয়ারের নতুন ঠিকানা।

 

পূর্বকোণ/কিরণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট