ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে ২ থেকে ৫ আগস্ট অনুষ্ঠিত টেস্টজুড়ে দাপট দেখিয়েছে স্পিনাররা। তবে শেষ পর্যন্ত সাজিদ খান ও আলি উসমানের ঘূর্ণিতে সিরিজ হার এড়াতে সক্ষম হয় বাবর আজমের পাকিস্তান। দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের ১১৭ রানে গুটিয়ে দিয়ে সফরকারীরা মাত্র ৭৫ রানের লক্ষ্য পায়। ইনিংসে আলী উসমান ও সাজিদ খান ৪টি করে উইকেট নেন। ৮ উইকেট হাতে রেখেই পাওয়া জয়ে ১-১ সমতা টানল পাকিস্তান। যা বিদেশের মাটিতে তিন বছর পর তাদের টেস্ট জয়। এর আগে বিদেশের মাটিতে পাকিস্তানের সর্বশেষ টেস্ট জয় ছিল ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে, তখনও দলের অধিনায়ক ছিলেন বাবর আজম। গত মাসে তিনি আবারও টেস্ট দলের নেতৃত্বে ফেরেন। তার অধীনে বিদেশের মাটিতে টানা আট টেস্ট হারের ধারাও ভেঙেছে পাকিস্তান। স্পিনারদের দাপুটে পারফরম্যান্স ছাড়াও এই জয়ের ভিত্তি গড়ে দেন আবদুল্লাহ শফিক। প্রথম ইনিংসে অপরাজিত ১৬০ রানের ইনিংস খেলে ১৯৭৭ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে ১৫০ রানের বেশি করা প্রথম পাকিস্তানি ব্যাটার হন তিনি। সেই ইনিংসে বাবর আজম খেলেছেন ৮৮ রানের ইনিংস। আবদুল্লাহ শফিক হন ম্যাচ সেরা, সিরিজ সেরার পুরস্কার লাভ করেন বাবর আজম ও জাস্টিন গ্রিভস।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ৩৪৪ ও ১১৭
পাকিস্তান: ৩৮৭ ও ৭৭/২
ফলাফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
২ ম্যাচের সিরিজ ১-১, এ ড্র।
প্রথম টেস্টে উইন্ডিজ ৯০ রানে জিতেছিল।
পূর্বকোণ/কিরণ















