বিশ্ব বাঘ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টাইগার রান’ শীর্ষক ৫ কিলোমিটার মিনি ম্যারাথন। প্রত্যাশীর ইয়ুথ ভলান্টিয়ার এলাইয়েন্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, উপ-নির্বাহী পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন।
ম্যারাথন ইভেন্টে শতাধিক দৌড়বিদ বাঘ সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা বহন করে ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। এই প্রতীকী আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রকৃতি সংরক্ষণে সম্মিলিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, বাঘ একটি দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও পরিবেশগত ভারসাম্যের অন্যতম প্রতীক। বাঘ সংরক্ষণ নিশ্চিত করা মানে বন, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। তাই সচেতনতা বৃদ্ধিতে এমন অংশগ্রহণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ ভলান্টিয়ার এলাইয়েন্সের স্বেচ্ছাসেবীরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
পূর্বকোণ/কিরণ/পারভেজ















