চট্টগ্রাম বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের সমাপনীতে দেখা যেতে পারে কিলিয়ান এমবাপেকে

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের সমাপনীতে দেখা যেতে পারে কিলিয়ান এমবাপেকে

স্পোর্টস ডেস্ক

৪ আগস্ট, ২০২৬ | ১১:৪২ অপরাহ্ণ

ফ্রান্সের তারকা ফুটবলার ও সদ্য সমাপ্ত ২৩ তম ফিফা বিশ্বকাপে স্বর্ণবুট জয়ী কিলিয়ান এমবাপে আসতে পারেন বাংলাদেশে। এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। দেশব্যাপী আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার চেষ্টা করা হবে।

 

৩ আগস্ট সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রতিযোগিতা সফল করতে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানান তিনি।

 

মীর শাহে আলম বলেন, আমরা চাই সারাদেশে ফুটবল নিয়ে নতুন জোয়ার সৃষ্টি হোক। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে ঢাকায় আনা সম্ভব হবে।

 

তিনি জানান, প্রতিযোগিতাকে সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ফুটবল উৎসবের পরিবেশ সৃষ্টি হবে।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি একটি ফুটবল দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। দল গঠন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

 

প্রতিমন্ত্রীর ভাষ্য, দেশের প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কার ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে তৃণমূল থেকেই প্রতিভাবান ফুটবলার তৈরি করা সম্ভব হয়। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হলে স্থানীয়ভাবে মাঠগুলো খেলার উপযোগী করা সহজ হবে।

 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্ব সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট