চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

অস্ট্রেলিয়ায় ভালো কিছু করতে চায় বাংলাদেশ

ডারউইন টেস্ট একাদশে থাকবেন লিটন?

স্পোর্টস ডেস্ক

৩ আগস্ট, ২০২৬ | ১:৫১ অপরাহ্ণ

চোটের কারণে শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন দাস। তবে দ্রুত সেরে উঠায় শেষ মুহুর্তে প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয় ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারকে। দলের সঙ্গে যোগ দিতে গতকাল দেশ ছেড়েছেন টাইগার এই উইকেট কিপার ব্যাটার।

 

তিনি একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দেখুন, আমি মনে করি টেস্ট এতটা হাই ইন্টেন্স নিয়ে খেলা হয় না। টেস্ট ম্যাচে হয়ত সে তিন বা চার রানের জন্য দৌড়াবে না। উইকেটকিপার হিসেবে তাকে হয়ত ৮০/৯০ ওভারও টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং রানিং বিটুইন দ্য উইকেটে যদি কিছুটা ভালো থাকে এবং সে যদি খেলার মতো অবস্থায় থাকে তাহলে অভিজ্ঞ একজনকে খেলানো অবশ্যই যুক্তিযুক্ত।

 

দলের আরেক উইকেট কিপার ব্যাটার জাকের আলি। তাকে নিয়ে সালাউদ্দিন বলেন, আমার মনে হয় সে অনেক চাপের মধ্যে আছে। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি সে অনেক ভালো ফাইটার এবং সে মাঠে ফাইট করতে জানে এবং নিজের ভূমিকাটা সে ভালো করে জানে। চার বা পাঁচ উইকেট পড়ে গেলে সবারই কিন্তু বোলারদের নিয়ে খেলতে হয়। ওই পজিশনে আমাদের ওরকম একজন ব্যাটারও দরকার আছে। তার ভালো করার সুযোগ আছে।

 

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, চ্যালেঞ্জ তো ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। অবশ্যই ২৩ বছর আগের লক্ষ্যটা একরকম ছিল, এখনকার লক্ষ্যটা ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখনকার প্রেক্ষাপট অন্যরকম। অবশ্যই, তখন আসলে আমাদের মূল লক্ষ্য ছিল টিকে থাকা। তবে আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে চাই।

 

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের লক্ষ্য নিয়ে বাশার বলেন, আমার মনে হয়, সবাই খুব রোমাঞ্চিত। যাদের সঙ্গে দলের যতটুকু কথা হয়েছে, গেলে আরও ভালোভাবে কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে তাদের ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি যে চ্যালেঞ্জটা অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে রাখতে পারবে, যেটা তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হতে পারে। আমার মনে হয়, সবাই খুব ইতিবাচক। জানি কাজটা কঠিন, অবশ্যই কঠিন। কিন্তু কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।

পূর্বকোণ/কিরণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট