চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দ. আফ্রিকার কাছে হারে সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

দ. আফ্রিকার কাছে হারে সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

স্পোর্টস ডেস্ক

১ আগস্ট, ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার গ্রনক্লুফ ওভালে ১ আগস্ট শনিবার অনুষ্ঠিত সিরিজ শুরুর ওডিআইতে প্রথমে ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে মাত্র ৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ ইমার্জিং দল। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ৪ ওভারে মাত্র ৩ রান তুলতেই সাজঘরে ফেরেন অধিনায়ক জাকির হাসান। ৯ বল খেলে ১ রান করে জাকির ফেরার পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরা। শাহাদাৎ হোসেন ৮, ইফতেখার হোসেন ২ আর মাহিদুল ইসলাম করেন মাত্র ২ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর খেসারত দিতে হয়েছে ইনিংসের শেষভাগে। দলের স্কোর বড় করার বদলে মাত্র ১৬ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩০ ওভার ২ বলে স্রেফ ৮৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া ওপেনার মাহফিজুল ইসলাম ৭৩ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া বাকিদের মধ্যে দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন কেবল দুজন। আমিনুল ইসলাম ১১ ও সামিউন বাসীর করেন ১০ রান। প্রোটিয়াদের হয়ে একাই ৫ উইকেট শিকার করেন দাইয়ান গালিম।

 

৯০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল। ইনিংসের প্রথম ওভারেই পেসার ইকবাল হোসেন ইমনের শিকার হয়ে শূন্য রানে ফেরেন জর্ডান কিং। পরে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আরও দুটি উইকেট তুলে নিলেও জয় আটকানো যায়নি। রিচার্ড সেলেটসওয়ানের ৩৫ এবং মিচেল ভ্যান ব্যুরেনের ১৮ রানের সুবাদে ১৮ ওভার ৪ বলেই সহজ জয় তুলে নেয় প্রোটিয়ারা।

 

পূর্বকোণ/রিকণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট