চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান

নিষেধাজ্ঞায় ড্রয়ে ছিল না নেপাল

স্পোর্টস ডেস্ক

১ আগস্ট, ২০২৬ | ১০:৪৯ অপরাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের ড্র’তে তুলনামুলক সহজ গ্রুপই পেয়েছে বাংলাদেশ। ৪-১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকায়। এই টুর্নামেন্টের ড্র ১ আগস্ট শনিবার বিকেলে ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়েছে। গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে আছে মালদ্বীপ।

 

নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে অনুপস্থিত ছিল নেপাল। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনে ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দেশটিকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। নেপালের জন্য আগামী নভেম্বরের সাফে খেলার সম্ভাবনার দুয়ার খোলা রেখেছে সাফ। সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে পারলে খেলার সুযোগ পাবে নেপাল। সেক্ষেত্রে তারা থাকবে বাংলাদেশের গ্রুপে।

 

২০১৮ সালে সর্বশেষ এই প্রতিযোগিতা আয়োজন করেছিল বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালের আয়োজক ছিল তারা। ২০০৩ আসরে নিজেদের একমাত্র শিরোপা জেতে বাংলাদেশ। ২০২৩ সালে এই টুর্নামেন্ট হয় ভারতের বেঙ্গালুরুতে। সেবার সেমিফাইনালে খেলে বাংলাদেশ। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত, ৯টি শিরোপা জিতেছে তারা। ভারতের বাইরে একাধিক শিরোপা আছে কেবল মালদ্বীপের। ২০০৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দ্বীপ দেশটি। বাংলাদেশ ছাড়া একবার করে সাফ ট্রফি জিতেছে আফগানিস্তান (২০১৩), শ্রীলঙ্কা (১৯৯৫)।

 

গ্রুপ-এ : বাংলাদেশ, নেপাল (শর্তসাপেক্ষে) ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ-বি : ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট