চট্টগ্রাম বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই, ২০২৬ | ১২:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার আজিঙ্ক রাহানে।

 

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই ব্যাটার নিজের এই সিদ্ধান্তের কথা জানান।

 

২০১১ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাহানে মূলত টেস্ট দলের একজন নির্ভরযোগ্য স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রক্ষণাত্মক ও ধৈর্যশীল ব্যাটিংয়ের জন্য খ্যাতি পাওয়া এই ব্যাটার ভারতের হয়ে ৮৫টি টেস্ট ম্যাচে ৩৮.৪৬ গড়ে ১২টি শতকসহ ৫,০৭৭ রান সংগ্রহ করেছেন। ২০২৩ সালের জুলাইয়ে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।

 

আবেগঘন ভিডিও বার্তায় রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো প্রতিটি শুরুরই একটি শেষ আছে। যখন সেই সময়টি আসে, তখন আপনাকে এটিকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি সবসময় আমার ব্যাটিংয়ে টাইমিংয়ের ওপর নির্ভর করেছি এবং এর গুরুত্ব অনুধাবন করেছি। আজ আমার মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ও সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এটাই। আমি একটি সহজ নিয়ম মেনে চলেছি- সবসময় নিজের চেয়ে দেশের নাম ও দলকে সবার আগে স্থান দিয়েছি।’

 

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারতের ক্রিকেট ইতিহাসে রাহানের অবদান অমর হয়ে থাকবে। ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিরাট কোহলি দেশে ফিরে যান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজের দায়িত্ব নেন রাহানে। মেলবোর্নে তার অনবদ্য সেঞ্চুরি দলকে সমতায় ফেরায় এবং পরবর্তীতে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে।

 

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে। এর মধ্যে ৪টি ম্যাচে জয় পায় ভারত এবং বাকি ২টি ড্র হয়। অর্থাৎ তার নেতৃত্বে কখনও হারেনি ভারত।

 

বর্তমানে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসেবে কাজ করা রাহানে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট