অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে ২১ আগস্ট শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। আসরে তৃতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে নেপাল জাতীয় দল ও নিউজিল্যান্ড ‘এ’ এবং বিগ ব্যাশের হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের একাডেমি দলও অংশ নেবে। এখনও টুর্নামেন্টের দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে দল চূড়ান্ত বলেই বিভিন্ন সুত্রে জানা গেছে। তাতে যুক্ত হচ্ছেন সাব্বির রহমান।
ইতিমধ্যে মিরপুরে শুরু করেছেন অনুশীলনও। সাব্বির ছাড়াও দলে থাকতে পারেন শামীম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, রিপন মন্ডলদের মতো তরুণ ক্রিকেটাররা। খেলতে যাবেন মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির রাব্বি, আবু হায়দার রনিও। তবে নেই আকবর আলি। এইচপি, এ দল কোনো দলের প্রোগ্রামেই দেখা যাচ্ছে না যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে।
বাংলাদেশের যাত্রা শুরু হবে ২২ আগস্ট। ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ২.৩০টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা। ২৩ আগস্ট রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় দুপুর ১.৩০টায় হোবার্ট হ্যারিকেন্সের মুখোমুখি হবে তারা।
এরপর ২৪ আগস্ট ভেন্যু বদলে ডিএক্সসি মাঠে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। ২৫ আগস্ট একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০টায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে বাংলাদেশ ‘এ’।
গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন পরীক্ষাটি অপেক্ষা করছে ২৭ আগস্ট। সেদিন ডিএক্সসি মাঠে বাংলাদেশ সময় দুপুর ১.৩০টায় নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ আগস্ট। একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১.৩০টায় স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে খেলবে তারা।
পূর্বকোণ/কিরণ/পারভেজ















