চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফ্রান্সের নতুন হেড কোচ হচ্ছেন জিনেদিন জিদান

ফ্রান্সের হেড কোচ হলেন জিনেদিন জিদান

ক্রীড়া ডেস্ক

২৮ জুলাই, ২০২৬ | ৫:২১ অপরাহ্ণ

বিশ্বকাপ শেষে জিনেদিন জিদানের ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া নিয়ে যে গুঞ্জন চলছিল, তা-ই এবার সত্য হলো। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সাবেক এই বিশ্বজয়ী তারকাকে নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

আগামী ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়।

ফরাসি ফেডারেশনের সঙ্গে চার বছরের চুক্তিতে সই করেছেন জিদান। সেই অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত এমবাপ্পে-গ্রিজম্যানদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন এই কিংবদন্তি। দীর্ঘ দিন ধরে কোনো ক্লাবের কোচিংয়ে ছিলেন না জিদান। সবশেষ ২০২১ সালে রিয়াল মাদ্রিদের ডাগআউটে কাজ করেছিলেন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর আবারও ডাগআউটে প্রত্যাবর্তন ঘটল এই ফরাসি ফরোয়ার্ডের।

দায়িত্ব নেওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান বলেছেন, ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়াটা আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার। একই সঙ্গে এটা অনেক বড় দায়িত্ব। আমি ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি ও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই। এটা বলার অপেক্ষা রাখে না, জাতীয় দলের হয়ে আমার অনেক উচ্চাকাঙ্খা আছে।’

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানোর পাশাপাশি কোচিং ক্যারিয়ারেও গড়েছেন ইতিহাস। ২০১৬ থেকে ২০১৮, টানা তিন মৌসুমে রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। এছাড়া দুই মেয়াদে রিয়ালের হয়ে দুটি করে লা লিগা, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতেন তিনি।

জিদানের দায়িত্ব নেওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটল দীর্ঘ ১৪ বছরের দিদিয়ের দেশম যুগের। তার হাত ধরেই ২০১৮ বিশ্বকাপ, ইউরো এবং উয়েফা নেশন্স লিগ জেতে ফরাসিরা। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করে তারা।

জিদানের সামনে এখন হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার অনন্য এক সুযোগ। বিশ্বের চতুর্থ ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ার প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত এই দুর্লভ কীর্তি গড়েছেন কেবল ব্রাজিলের মারিও জাগালো, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এবং ফ্রান্সেরই বিদায়ী কোচ দিদিয়ের দেশম।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট