চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টানা পাঁচ মেডেন পাঁচ উইকেট

লাল বলে অবিশ্বাস্য কীর্তি গ্রিভসের

পাকিস্তান-উইন্ডিজ: প্রথম টেস্ট (চলমান)

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০২৬ | ৫:০৬ অপরাহ্ণ

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য এক বোলিং স্পেলে ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা পাঁচ ওভার মেডেন রেখে প্রতি ওভারেই একটি করে উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। লাল বলের ক্রিকেটে এই প্রথম কোনো বোলার টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে প্রতিটি ওভারেই উইকেট নেয়ার কীর্তি গড়লেন।
২৭ জুলাই তারুবা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৯ রান। মধ্যাহ্নবিরতির কিছু আগে ৬৩ ওভারে ৪ উইকেটে ২৪৪ রান তুলে বেশ স্বস্তিতেই ছিল সফরকারীরা। তখন পর্যন্ত গ্রিভসের বোলিং পরিসংখ্যান ছিল ৬ ওভারে ২৭ রান, কোনো উইকেট নেই। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ৬৪তম ওভারে প্রথমে ফিরিয়ে দেন সেঞ্চুরি করা অধিনায়ক শান মাসুদকে। এরপর ৬৬তম ওভারে আমের জামাল, ৬৮তম ওভারে আলী উসমান, ৭০তম ওভারে মোহাম্মদ রিজওয়ান এবং ৭২তম ওভারে মোহাম্মদ আব্বাসকে আউট করেন গ্রিভস। পাঁচটি ওভারই ছিল মেডেন এবং প্রতিটি ওভারেই এসেছে একটি করে উইকেট। পাকিস্তান শেষ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে তারা পিছিয়ে থাকে ২৯ রানে। গ্রিভস ৫ উইকেট শিকার করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেয়ার মাইলফলকও স্পর্শ করেন।
দিনের খেলা শেষে গ্রিভস বলেন, বল কিছুটা সুইং করছিল এবং আমি সেই সুবিধা কাজে লাগিয়েছি। যখনই দলের প্রয়োজন হয়, তখনই কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার চেষ্টা করি আমি। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ায় তিনি ভীষণ আনন্দিত, তবে ম্যাচে এখনো অনেক কাজ বাকি বলেও মন্তব্য করেন।

সংক্ষিপ্ত স্কোর
উইন্ডিজ: ৩১১ ও ১২৬/৭ (চলমান)
পাকিস্তান: প্রথম ইনিংস-২৮২।
২৮ জুলাই মঙ্গলবার রাত ৮টায় শুরু হবে টেস্টের ৪র্থ দিন।

 

পূর্বকোণ/কিরণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট