গ্লাসগো কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের হিট থেকেই বাদ পড়লেন লন্ডন প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমান। তবে ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পেরেছেন ইমরানুর।
সোমবার (২৭ জুলাই ২০২৬) প্রথম রাউন্ডে ৯ নম্বর হিটে দৌড়ান ইমরানুর। ১০ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি।
নিজের হিটে ছয় জনের মধ্যে তৃতীয় হওয়া ইমরানুর সব মিলিয়ে ৭৩ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ২৭তম। সেমি-ফাইনালে ওঠাদের মধ্যে সবশেষ প্রতিযোগী বারবাডোজের গ্রিফিত কুরোন; তার টাইমিং ১০ দশমিক ২৪ সেকেন্ড।
দক্ষিণ এশিয়ানদের মধ্যে অবশ্য দ্বিতীয় হয়েছেন ইমরানুর। শ্রীলঙ্কার দিনেথ ইন্দুভারা ১০ দশমিক ৩৩ সেকেন্ড নিয়ে তার ওপরে আছেন।
ভারতের গুরিন্দেরভির সিংও ইমরানুরের সমান টাইমিং করেছেন।
২০২৩ সালে লন্ডনের নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে ১০ দশমিক ১১ সেকেন্ড তার ১০০ মিটারে ইমরানুরের সেরা টাইমিং।
গত মে মাসে জাতীয় অ্যাথলেটিক্সে ১০ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হয়েছিলেন ইমরানুর। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে এ নিয়ে ছয়বার সেরা হওয়া অ্যাথলেট গ্লাসগো প্রতিযোগিতায় কোনো চমক দেখাতে পারেনি।
পূর্বকোণ/আদর/পারভেজ















