বিশ্বকাপের উত্তেজনা শেষ। নতুন মৌসুম শুরুর আগে কাব ফুটবলেও এখন বিরতির সময়। দীর্ঘ ও ব্যস্ত মৌসুমের পর বিশ্বের সেরা ফুটবলাররা তাই কয়েক দিনের ছুটিতে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। কেউ পরিবারের সঙ্গে ঘরে ফিরেছেন, কেউ সমুদ্রের নীল জলে অবকাশ কাটাচ্ছেন, আবার কেউ এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অবকাশযাপনের নানা মুহূর্তও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর ফুটবলারদের মানসিক অবস্থাও ভিন্ন ভিন্ন। কেউ সাফল্যের স্মৃতি নিয়ে ছুটিতে গেছেন, আবার কেউ অপূর্ণতার আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো ছুটির সময় কাটাচ্ছেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে।
জর্জিনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের অবকাশযাপনের বেশ কয়েকটি মুহূর্ত প্রকাশ করেছেন। সেখানে সুইমিং পুলে পানির নিচে রোনালদোর কাটানো সময়ের ভিডিওও দেখা গেছে। বিশ্বকাপের পর আপাতত পরিবারকে সময় দিতেই বেশি মনোযোগ দিচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।
অন্যদিকে বিশ্বকাপের শিরোপা খুব কাছে গিয়েও ধরে রাখতে না পারার হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ শেষে জাতীয় দলের সঙ্গে তাৎক্ষণিকভাবে দেশে না ফিরলেও পরে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে নীরবে নিজ শহর রোজারিওতে ফিরে যান তিনি।
গণমাধ্যমের খবরে জানা গেছে, আপাতত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েই বিশ্রাম নিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। নরওয়ের তারকা আর্লিং হালান্ডও ছুটির সময় উপভোগ করছেন ইউরোপের বিভিন্ন দেশে। বর্তমানে ফ্রান্স ও ইতালিতে অবকাশ কাটাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভ্রমণের ছবি প্রকাশ করছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। বান্ধবী ইসাবেলের সঙ্গে তোলা ছবিও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি বিলাসবহুল একটি ইয়টে নিজের ২৬তম জন্মদিন উদযাপন করেন হালান্ড, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেও ছুটির আমেজে রয়েছেন। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার পর তাকে অভিনেত্রী ও গার্লফ্রেন্ড এস্তার এক্সপোসিতোর সঙ্গে বাইরে ঘুরতে দেখা গেছে। সেই ছবিগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
পূর্বকোণ/কিরণ















