চট্টগ্রাম সোমবার, ২৭ জুলাই, ২০২৬

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় প্রিমিয়ারশিপ

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় প্রিমিয়ারশিপ

ইংল্যান্ডের লিগটি মাঠে গড়াচ্ছে ২১ আগস্ট

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০২৬ | ১১:৩৮ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের মহারণ শেষ, বিশ্বকাপে খেলা বিভিন্ন দেশের ফুটবলাররা এই মুহূর্তে আছেন ছুটির মেজাজে। এই অবকাশ মেজাজ অবশ্য বেশিদিন রাখার সুযোগ নেই। কারণ, বিশ্বকাপে খেলা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের মাঠে নামতে হচ্ছে ২১ আগস্ট থেকেই। বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল নামবে শিরোপা ধরে রাখার মিশনে। অন্যদিকে ২০২৬/২৭ মৌসুম নিজেদের করে নিতে চাইবে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি, বাদ যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডও।

এবারের প্রিমিয়ারশিপে আর্সেনালের প্রধান প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ম্যানচেস্টার সিটিকে। লিগ জয়ের হিসাবে তাদের দর ১১/৪। পেপ গার্দিওয়ালার বিদায়ের পর ইত্তিহাদ স্টেডিয়ামে নতুন যুগের সূচনা হবে এবার। দায়িত্ব নিয়েছেন নতুন কোচ এনজো মারেস্কা। ১১৬ মিলিয়ন পাউন্ডে সিটিজেনরা দলে টেনেছে এলিয়ট অ্যান্ডারসনকে। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দারুণ ছন্দে ছিলেন ২৩ বছরের এই মিডফিল্ডার। দলবদলের বাজার সবে শুরু হয়েছে। আরও চমক দিয়ে শক্তি বাড়াতে পারে সিটি। গত সিজনে হতাশাজনকভাবে পঞ্চম স্থানে শেষ করেছিল লিভারপুল, কোনও রকমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কাটলেও ব্যর্থতার দায়ে চাকরি যায় আর্নে স্লটের। গত আসরের শেষে দল ছেড়েছেন মিশর তারকা মোহামেদ সালাহ ও অ্যান্ডি রবার্টসন। যা অ্যানফিল্ডের একটি যুগের সমাপ্তির প্রতীকও বটে। নতুন কোচ আন্দোনি ইরাওলার হাত ধরে দ্রুত গতির ট্রানজিশন ফুটবলে জোর দিচ্ছে দল।

ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটি দল, যাদের শিরোপা সম্ভাবনায় কখনও বাতিলের খাতায় ফেলা সম্ভব নয়। ফার্গুসন-যুগের পর ফের লিগ জয়ের স্বপ্ন উসকে উঠেছে। রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর গত মওশুমের মাঝামাঝি থেকে দলের হাল ধরেন মাইকেল ক্যারিক। এবার চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ঘরোয়া লিগের চাপ সামলানো তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। বেঞ্জামিন সেসকো, আমাদ দিয়ালো এবং কোবি মাইনুর মতো তরুণেরা অবশ্য ভরসা জোগাচ্ছেন। আর ব্রুনো ফার্নান্দেজ তো রয়েছেনই! একই অবস্থা চেলসিরও। ফেভারিট না হলেও, তারা ফেভারিট’। গতবার দশম স্থানে শেষ করেছিল তারা। ইউরোপিয়ান ফুটবলের চাপ নেই। নতুন কোচ জাবি আলোনসো নিজের মতো করে দল সাজাচ্ছেন। ইতিমধ্যে ১১৭ মিলিয়ন পাউন্ডের রেকর্ড দরে অ্যাস্টন ভিলা থেকে মর্গ্যান রজার্সকে টেনেছে চেলসি! বায়ার লেভারকুসেনের চেনা কৌশল চেলসিতেও প্রয়োগ করতে তৎপর আলোনসো।

এ ছাড়া লড়াইয়ে রয়েছে টটেনহ্যাম হটস্পার ও অ্যাস্টন ভিলা। রবের্তো ডি জেরবির অধীনে স্পার্সরা নতুন ধারার ফুটবল খেলছে। সব মিলিয়ে আগামী মওশুমে প্রিমিয়ার লিগ আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি হতে চলেছে।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট