চট্টগ্রাম শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন গোল্ডেন বল জয়ী স্পেন তারকা!

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন গোল্ডেন বল জয়ী স্পেন তারকা!

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২৬ | ৮:৫৫ অপরাহ্ণ

ফুটবল বিশ্বে গুঞ্জনের অবসান ঘটিয়ে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়টি এখন প্রায় চূড়ান্ত। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দেওয়ার পথে কেবল দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা বাকি রয়েছে। তবে এই দলবদল আলোচনার মাঝেই বড় এক ধাক্কার মুখোমুখি হয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক; পিঠের চোটের কারণে তাকে অস্ত্রোপচারের কাঁচি-ছুরির নিচে যেতে হচ্ছে।

 

নির্ভরযোগ্য সাংবাদিক মাত্তেও মোরেত্তোর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির ব্যক্তিগত সব শর্ত ও খুঁটিনাটি চূড়ান্ত হয়েছে। খেলোয়াড় নিজে রিয়ালে যাওয়ার ব্যাপারে সম্পূর্ণ মনস্থির করে ফেলেছেন। এখন কেবল ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে আর্থিক প্যাকেজ বা ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা হওয়ার অপেক্ষা। ফি নিয়ে সমঝোতা হলেই যে কোনো সময় আসতে পারে এই হাইপ্রোফাইল ট্রান্সফারের আনুষ্ঠানিক ঘোষণা।

 

স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার জিতে নেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। তবে ক্লাব ফুটবলে রদ্রিকে গত কয়েক মৌসুম ধরেই চোটের সঙ্গে লড়তে হচ্ছে। ২০২৪-২৫ মৌসুমে এসিএল ইনজুরির পর এবার পিঠের সমস্যার কারণে আগামী সোমবার তাকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে।

 

রদ্রিকে ঘিরে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জোরালো গুঞ্জনের মাঝেই সিটির নতুন কোচ এঞ্জো মারেস্কা অবশ্য বিষয়টি নিয়ে নির্ভার রয়েছেন। গত শুক্রবার সিটির কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে রদ্রির অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন মারেস্কা। তিনি বলেন, ‘সোমবার তার অস্ত্রোপচার হবে। এরপর তার ছুটি দরকার, বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার জন্য সময় লাগবে। তারপর সে আমাদের সঙ্গে যোগ দিতে ফিরবে।

 

তবে কবে নাগাদ রদ্রি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি ইতালিয়ান কোচ। এরই মধ্যে গত সপ্তাহে রদ্রিকে ঘিরে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সেই জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ মারেস্কা। তিনি বলেন, ‘বড় খেলোয়াড়দের ঘিরে সবসময়ই জল্পনা-কল্পনা থাকে, তাই এটা নিয়ে আমি চিন্তিত নই।’

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট