চট্টগ্রাম বুধবার, ২২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন আর্জেন্টিনার ওতামেন্দি

আর্জেন্টিনাকে বিদায় বললেন তারকা ফুটবলার ওতামেন্দি

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০২৬ | ৪:৩৩ অপরাহ্ণ

নীল-সাদা জার্সিতে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম বিশ্বস্ত প্রহরী ছিলেন তিনি। শেষটা হয়তো রূপকথার মতো সোনার ট্রফি দিয়ে হয়নি, বিশ্বজয়ের মুকুট ধরে রাখার স্বপ্ন ভেঙেছে একেবারে শেষ ধাপে এসে। তবে হৃদয়ে কোনো আক্ষেপ না রেখে, দেশের জন্য মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার আত্মতৃপ্তি নিয়ে আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নিকোলাস ওতামেন্দি।

৩৮ বছর বয়সী এই প্রবীণ ডিফেন্ডার অনেক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এবারের বিশ্বকাপ অভিযানই হতে যাচ্ছে দেশের হয়ে তার শেষ মিশন। পুরো টুর্নামেন্ট জুড়ে একাদশের বাইরে থাকলেও দলের প্রয়োজনে ঠিকই নিজের সেরাটা দিয়েছেন। এমনকি রোমাঞ্চকর ফাইনালে সতীর্থ লিসান্দ্রো মার্তিনেস চোট পেয়ে মাঠ ছাড়লে, কোচের ভরসার হাত হয়ে রক্ষণ সামলাতে মাঠে নামেন তিনি। সদ্য সমাপ্ত টুর্নামেন্টের ৮টি ম্যাচের মধ্যে ৭টিতেই মাঠে নেমে নিজের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন এই লড়াকু তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় দেশের জার্সি তুলে রাখার কথা নিশ্চিত করেন ওতামেন্দি।

অশ্রুভেজা র্বাতায় সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘স্বপ্নপূরণ না হওয়ার যন্ত্রণা অনেক বড়। কিন্তু এই ৫০ দিনের অক্লান্ত ত্যাগ, চোখের জল আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার যে মানসিকতা দল দেখিয়েছে; তার জন্য আমি গর্বিত। জয় বা পরাজয় খেলারই অংশ, কিন্তু শেষ নিশ্বাস পর্যন্ত দেশের জার্সির সম্মান রক্ষা করাটাই আসল কথা। আমরা ভেঙে পড়া হৃদয় নিয়ে ফিরছি, কিন্তু নিজেদের সেরাটা দিতে পারার তৃপ্তি আমাদের সঙ্গেই থাকবে।’

আর্জেন্টিনার আধুনিক সোনালী অধ্যায়ের অন্যতম বড় কাণ্ডারি ছিলেন এই অভিজ্ঞ সেন্টারব্যাক। জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করে ৮টি গোল করেছেন তিনি। শুধু উপস্থিতিই নয়, শিরোপা জয়ের দিক থেকেও তার ঝুলিতে আছে এক উজ্জ্বল ইতিহাস। জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমার ঐতিহাসিক ট্রফি। ইউরোপিয়ান ফুটবলে ম্যানচেস্টার সিটি, বেনফিকা, ভ্যালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদের মতো নামিদামি ক্লাবের রক্ষণ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার।

জাতীয় দলকে চিরতরে ‘বিদায়’ বললেও ফুটবলের বুট জোড়া এখনই তুলে রাখছেন না এই ভেটেরান ডিফেন্ডার। বেনফিকার চুক্তি শেষে ইউরোপীয় অধ্যায় চুকিয়ে নিজ দেশ আর্জেন্টিনাতেই ফিরেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের পাট চুকিয়ে এখন থেকে জন্মভূমির ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের হয়ে নিজের ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন ওতামেন্দি।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট