বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন চূর্ণ হয়েছে আর্জেন্টিনার। তবে হতাশার মধ্যেও স্পেনে জন্ম নেওয়া ২১ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ প্রতিশ্রুতি দিয়েছেন, আবারও বিশ্বকাপের সোনালি ট্রফি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেবেন তিনি। হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন আর্জেন্টিনার মিডফিল্ডার।
ইতালিয়ান ক্লাব কোমোর এই মিডফিল্ডারের জন্ম স্পেনের তেনেরিফেতে। তার বাবা পাবলো পাজও ছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার এবং ১৯৯৮ বিশ্বকাপের দলে খেলেছিলেন। ফাইনালে হারের পর যখন আর্জেন্টিনা দলের সদস্যরা কোনও মন্তব্য না করে নীরবে মেটলাইফ স্টেডিয়াম ছেড়ে যান, তখনই ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন নিকো।
দলের একটি ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আগের যেকোনও সময়ের চেয়ে বেশি গর্বিত এই দেশ, এই দলকে প্রতিনিধিত্ব করতে পেরে এবং এমন একদল অসাধারণ মানুষের অংশ হতে পেরে, যারা এই জার্সির জন্য নিজেদের সব কিছু উজাড় করে দেয়। আমি শুধু ধন্যবাদ বলতে চাই।’
পাজ ২০২৪ সালে কোমোতে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন। গত মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সেরি আ-র সেরা মিডফিল্ডার নির্বাচিত হন।
পূর্বকোণ/আরআর/পারভেজ















