২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিরোপা হাতছাড়া হওয়ার এই ধাক্কা সইতে না পেরে বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজনের বয়স যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর।
এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে)।
সরকারি তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকায় সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি একটি বাড়ি থেকে জরুরি সেবার নম্বরে কল আসে। সেখানে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হন।
চিকিৎসকরা তাকে সিপিআর (বুকে চাপ দিয়ে শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা) দিলেও শেষ রক্ষা হয়নি, কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে, আর্জেন্টিনার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক বৃদ্ধের শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেন। সিপিআর দেওয়ার পর তাকে ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
অন্যদিকে, বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও এক বৃদ্ধ বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুধু হৃদরোগই নয়, ফাইনালের পর বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরে জমায়েত হওয়া সমর্থকদের মাঝে হতাশা থেকে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। লাভালে ও নাইন দে জুলিও অ্যাভিনিউয়ের মোড়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট (৪ মিটার) ওপর থেকে পড়ে যান। তার বাঁ পায়ের হাড় মারাত্মকভাবে ভেঙে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবের প্রতিবেদনে বলা হয়েছে, হার মেনে নিতে না পেরে অনেকেই অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া নিজেদের মধ্যে মারামারি এবং ওপর থেকে পড়ে গিয়ে অনেকের নাক-মুখ ফেটে যাওয়ার ও জখম হওয়ার ঘটনাও ঘটেছে।
পূর্বকোণ/নুসরাত
















