চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মেসির বিশ্বরেকর্ড ভেঙে ফেললেন এমবাপ্পে

মেসির বিশ্বরেকর্ড ভেঙে ফেললেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক

১৯ জুলাই, ২০২৬ | ৪:০৮ অপরাহ্ণ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের হয়ে দুই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এতে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়াল ১০টি। গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে উঠে এলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে তেমন গুরুত্বহীন এই ম্যাচে শুরু থেকেই খেললেন এমবাপ্পে। তবে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জন্য ম্যাচটা মোটেও গুরুত্বহীন ছিল না। কারণ বিশ্বকাপের সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে তখনো টিকে আছেন তিনি।

শুরু থেকেই দলগত খেলার চেয়ে নিজের গোলের দিকে বেশি মনোযোগ দেখা গেছে এমবাপ্পের মধ্যে। বক্সের ভেতর নিজে থেকেই গোলের চেষ্টা করছিলেন তিনি। প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পাননি। ইংল্যান্ডের গোলের সময় তাকে হাসতেও দেখা যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেলে পুরস্কার। মাইকেল ওলিসের দারুণ পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে গোল করেন এমবাপ্পে। এই গোলে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯টি। এতে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে উঠে আসেন তিনি। এরপর ম্যাচের এক ঘণ্টা পেরোতেই আরেকটি গোল করেন এমবাপ্পে।

এই দুই গোলে চলতি বিশ্বকাপে লিওনেল মেসির চেয়ে দুই গোলে এগিয়ে গেলেন এমবাপ্পে। রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে খেলবেন মেসি। তার সামনেও এমবাপ্পেকে ধরার সুযোগ থাকছে।

এই দুই গোলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসিকে পেছনে ফেললেন এমবাপ্পে। তিনটি বিশ্বকাপ মিলিয়ে ফরাসি এই তারকার গোলসংখ্যা এখন ২২টি। মাত্র ২৭ বছর বয়স তার। তাই ২০৩০ বিশ্বকাপেও এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট