ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে না পারলেও আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। সেমিফাইনালে দলের দুই গোলেই অবদান রেখে কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আটলান্টায় গতকাল রাতে দুটি গোল বানানোয় এবার বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টসংখ্যা দাঁড়াল ৪টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেলেন মেসি।
মেসি ও কিলিয়ান এমবাপ্পে, দুজনেরই গোল ৮টি করে। কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এখন এগিয়ে মেসিই। কারণ, গোল সমান হলে অ্যাসিস্টসংখ্যা হিসাব করা হয়। মেসি সেখানে এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের চেয়ে এগিয়ে।
গোল্ডেন বুটের লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড। তার গোল ৭টি। এছাড়া ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনের গোল ৬টি করে। ফ্রান্সের উসমান দেম্বেলের গোল ৫টি, সঙ্গে রয়েছে ২টি অ্যাসিস্ট। স্পেনের মিকেল ওইয়ারসাবালের গোল ৫টি এবং অ্যাসিস্ট ১টি।
গোল্ডেন বুটের দৌড়ে থাকা এই ফুটবলারদের মধ্যে হলান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে। তবে বাকি ছয়জনের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। আর রবিবার বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন।
ফলে শেষ ম্যাচগুলোর পারফরম্যান্সই নির্ধারণ করে দিতে পারে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কার হাতে উঠবে। তবে ফাইনালের আগে অ্যাসিস্টের ব্যবধানে এমবাপ্পেকে টপকে গেছেন মেসি।
পূর্বকোণ/পিআর















