চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফুটবলের হার মাঠ ছাড়িয়ে রাস্তায়, দুই শহরে গ্রেফতার ১৬০

ফুটবলের হার মাঠ ছাড়িয়ে রাস্তায়, দুই শহরে গ্রেপ্তার ১৬০

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৬ | ৬:৩৯ অপরাহ্ণ

স্বপ্নভঙ্গের রাত শেষে ফ্রান্সের রাজপথে নেমে এলো উত্তেজনার ছায়া। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ২-০ গোলের হার মেনে বিদায় নিতে হলো ফরাসিদের। আর সেই হতাশার রেশ ধরেই রাতের প্যারিস ও লিওঁর রাস্তায় দেখা গেল সংঘর্ষের দৃশ্য—যার পরিণতিতে দুই শহর থেকে গ্রেপ্তার হলেন ১৬০ জনের বেশি মানুষ।

 

ফরাসি সম্প্রচারমাধ্যম (বিএফএমটিভির) প্রতিবেদন অনুযায়ী, ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানী প্যারিস থেকে। পুলিশ প্রিফেকচার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পেছনে মূল কারণ ছিল আতশবাজির মর্টার ছুড়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্যবস্তু বানানো।

 

একই চিত্র ছিল লিওঁতেও। শহরের জনপ্রিয় প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছিলেন শত শত সমর্থক। খেলা শেষেও অনেকে সেখানে থেকে যান। এক পর্যায়ে ছোট কয়েকটি দল নিরাপত্তারক্ষীদের দিকে আতশবাজিসহ নানা বস্তু ছুড়তে শুরু করলে পরিস্থিতি বদলে যায়।

 

শেষমেশ দাঙ্গা দমন ইউনিট সিআরএস ৮৩-কে নামাতে হয় পুলিশকে। যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে আটক করা হয় প্রায় ২০ জনকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটকদের বড় অংশই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া কিশোর-তরুণ।

 

তবে এত উত্তেজনার মধ্যেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে কর্তৃপক্ষ, সংঘর্ষে গুরুতর আহতের কোনো ঘটনা ঘটেনি, আর সরকারি-বেসরকারি সম্পত্তির বড় ধরনের ক্ষয়ক্ষতিরও কোনো প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট