ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে এবার দেখা যাবে সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শো। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ফাইনালে বিরতি স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ হয়ে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত হতে পারে।
রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় (২০ জুলাই) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান হবে। এতে যৌথভাবে পারফর্ম করবেন পপতারকা ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
বিশ্বকাপ আয়োজক ফিফার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাফটাইম প্রায় ২০ মিনিট রাখার পরিকল্পনা রয়েছে। তবে একটি বিকল্প পরিকল্পনায় প্রথমে ফুটবলের প্রচলিত ১৫ মিনিটের বিরতি এবং এরপর ১১ মিনিটের সঙ্গীতানুষ্ঠান রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের হাফটাইম বিরতির সময় ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। ফলে এই বিশেষ আয়োজন কীভাবে নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে, সে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এর আগে, গত বছর নিউ ইয়র্ক-নিউজার্সিতেই অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে হাফটাইম মোট ২৪ মিনিট স্থায়ী হয়েছিল।
এদিকে, গত সপ্তাহে ফাইনালের হাফটাইম শোতে নতুন করে যুক্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। এছাড়া বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে ‘পিএস২২’ কোরাস ও পারফর্ম করবে।
ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় শুরু হবে। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান।
সমাপনী আয়োজনে পারফর্ম করবেন টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আই শো স্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন গায়িকা জেনিফার হাডসন।
পূর্বকোণ/ইবনুর















