বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিয়েছে মিশর। বিশ্বকাপের শেষ ষোলোয় লিওনেল মেসিদের মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন মিসরের সহকারী কোচ ইব্রাহিম হাসান। তার দাবি, আর্জেন্টিনার একজন মেসির বিপরীতে তাদের দলে আছেন মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি।
মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। এর আগে মিশরের সংবাদমাধ্যম সাদা আল-বালাদকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম হাসান বলেন, তার দল মেসিকে নিয়ে ভীত নয়; বরং নিজেদের খেলাতেই মনোযোগী।
মেসিকে থামানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ইব্রাহিম হাসান বলেন, ‘আমরা মেসিকে নিয়ে আলাদা করে ভাবি না। আমরা খেলোয়াড়দের বলি, প্রতিপক্ষ কে সেটা না ভেবে নিজেদের খেলাটা খেলতে। তাদের একজন মেসি আছে, কিন্তু আমাদের আছে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আল্লাহ আমাদের সহায় হোন।’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে ম্যাচের আগের ‘মাইন্ড গেম’ হিসেবে দেখছেন।
এবারের বিশ্বকাপ মিশরের ইতিহাসের সেরা আসর। প্রথমবারের মতো তারা গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠেছে। গ্রুপ পর্বে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারায় আফ্রিকার দলটি। এরপর ইরানের বিপক্ষেও ১-১ গোলে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে।
নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। এবার লক্ষ্য আরও বড় চমক- বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করা।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে ঘিরে বাড়তি চাপ অনুভব করছেন না বলেও জানান ইব্রাহিম হাসান। তার ভাষায়, ‘মেসির বিপক্ষে খেলছি- এটা নিয়েও আমরা ভাবছি না। আমাদের মনোযোগ শুধুই মিসর দলকে নিয়ে। প্রতিটি ম্যাচেই আমরা লড়াই করতে নামি, প্রতিপক্ষ মেসি হোক কিংবা অন্য কেউ। আমাদের দলে মোহাম্মদ সালাহ আছে, আছে আন্তর্জাতিক মানের আরও অনেক ফুটবলার।
ইব্রাহিম হাসান জানান, বিশ্বকাপের আগে চোট নিয়ে দুশ্চিন্তায় থাকলেও এখন ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইরানের বিপক্ষে চোট পাওয়ার পর বিশেষ পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে গেছেন লিভারপুল তারকা। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছেন তিনি।
মিশরের সহকারী কোচ বলেন, ‘মোহাম্মদ সালাহ ধীরে ধীরে নিজের সেরা ছন্দ ফিরে পাচ্ছে। হোসাম হাসানের অধীনে সে দারুণ খেলছে। দলের ভেতরে সে একজন অসাধারণ রোল মডেল।’
জাতীয় দলের প্রধান কোচ এবং নিজের ভাই হোসাম হাসানের প্রশংসাও করেছেন ইব্রাহিম। তিনি বলেন, প্রতিটি ম্যাচের আগে কোচ এমনভাবে প্রস্তুতি নেন যেন এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
‘হোসাম প্রতিটি প্রতিপক্ষকে খুব গভীরভাবে বিশ্লেষণ করেন। খেলোয়াড়দের প্রতিপক্ষ সম্পর্কে যা যা জানা দরকার, সবই জানিয়ে দেন। এজন্য দল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে।’
বিশ্বকাপের শুরু থেকেই খেলোয়াড়দের বিশেষ বার্তা দিয়ে আসছেন কোচিং স্টাফরা। ইব্রাহিম বলেন, ‘আমরা খেলোয়াড়দের বলেছি, মাঠে নেমে সর্বস্ব উজাড় করে খেলো। কে জানে, হয়তো আর কখনও বিশ্বকাপে খেলার সুযোগ নাও আসতে পারে। তাই শুধু অংশ নেওয়া নয়, যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
সব মিলিয়ে ম্যাচের আগেই আত্মবিশ্বাসী বার্তা দিয়ে দিয়েছে মিশর। এখন দেখার বিষয়, কথার লড়াই শেষে মাঠের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে সালাহরা সত্যিই চমক দেখাতে পারেন কি না।
পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ
















