বিশ্বকাপের শেষ ষোলোর জমজমাট লড়াই চলছে। এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজে গেছে ছয়টি দেশের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে ও স্বাগতিক তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দৌড় থেকে ছিটকে গেছে। অন্যদিকে, কোয়ার্টারে পৌঁছে গেছে ছয় দেশ- মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন এবং বেলজিয়াম।
শেষ ষোলোর আর দুটি ম্যাচ বাকি আছে। আজ (মঙ্গলবার) রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার দ্বৈরথে আটলান্টায় মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, সুপার সিক্সটিনের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। গ্রুপ ‘জে’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব বত্রিশের মহানাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আজ জিতলে কোয়ার্টারে প্রতিপক্ষ কারা?
আর্জেন্টিনা যদি মিশরকে হারাতে পারে, তবে কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ডের বিপক্ষে। তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায়। শক্তির বিচারে কলম্বিয়া এই দৌড়ে এগিয়ে। এরপর কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারলে সেমিফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হাল্যান্ডের নরওয়ে।
সব বাধা পেরিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি আবারও ফাইনালে ওঠে, তবে মেগা ফাইনালে তাদের জন্য অপেক্ষা করতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা স্পেন। টুর্নামেন্টের ছক অনুযায়ী, এই দুই পরাশক্তির সঙ্গে ফাইনালের আগে আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
পূর্বকোণ/আরআর/পারভেজ















