চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পেনাল্টি নিয়ে নরওয়ে গোলকিপারকে ‘বেকুব’ বলেছেন নেইমার

পেনাল্টি নিয়ে নরওয়ে গোলকিপারকে ‘বেকুব’ বলেছেন নেইমার

অনলাইন ডেস্ক

৬ জুলাই, ২০২৬ | ৬:৩৯ অপরাহ্ণ

ম্যাচের একেবারে শেষ দিকের ঘটনা। কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে একটি গোল শোধ করে নরওয়ে গোলকিপারকে কিছু একটা বলেন নেইমার। সেটাও নরওয়ে গোলকিপারের কাছে গিয়ে।

 

ব্রাজিলের একটি টিভি অনুষ্ঠান নেইমার ও নিলান্ডের মধ্যে হওয়া কথোপকথন সামনে এনেছে। পেনাল্টি নেওয়ার আগে নেইমার নিলান্ডের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলতে চেয়েছেন। নিলান্ডকে উসকে দিতে গিয়ে বলেছেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’

 

পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করা নরওয়েজিয়ান গোলকিপার নিলান্ডও দমে যাননি। তিনি পাল্টা জবাব দেন, ‘পোস্টে মারো, পোস্টে মারো।’ এরপর নেইমার তাঁকে বলেছেন, ‘আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না। বেকুব!’

 

নেইমার সফলভাবে পেনাল্টি নিলেও এর আগে ব্রাজিল পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছে। ম্যাচের ১৪ মিনিটে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন নিলান্ড। ম্যাচের শুরুতেই সেই সেভ নরওয়েকে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস দেয়। শুধু পেনাল্টি বাঁচানোই নয়, হলান্ড দৃশ্যপটে আসার আগপর্যন্ত নিলান্ডই আসলে নরওয়েকে ম্যাচে রেখেছেন।

 

অন্যদিকে নেইমারের শেষটা হয়েছে চোখের পানিতে। নরওয়ের কাছে ২–১ গোলের হারে ব্রাজিলের শিরোপাখরা আরও দীর্ঘ হলো। এর আগে ১৯৭০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ২৪ বছর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর আবারও ২৪ বছরের খরা চলছে। সেটা কোথায় গিয়ে থামে, কে জানে!

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট