চট্টগ্রাম সোমবার, ০৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

খেলা শেষে ব্রাজিল সমর্থকের হার্ট অ্যাটাক

খেলা শেষে ব্রাজিল সমর্থকের হার্ট অ্যাটাক

স্পোর্টস ডেস্ক

৬ জুলাই, ২০২৬ | ৬:৪৫ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এক সমর্থক। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

রবিবার (৫ জুলাই) মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

 

নিজ বাড়িতে বন্ধু ও অন্যান্য সমর্থকদের সঙ্গে খেলা উপভোগ করছিলেন আলমগীর। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলা শেষে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রিয় দলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

 

ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় সমর্থকরা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, যেকোনো পরিস্থিতিতে যেন কেউ অতিরিক্ত উত্তেজিত না হন, সে বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

 

তিনি বলেন, ‘বর্তমানে আলমগীর হোসেন শঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়েছে।’

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট