প্রতিকূল আবহাওয়ার দাপটে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই ছিল মেক্সিকানদের আক্রমণের পসরা। পাল্টা আক্রমণ থেকে গোল পাওয়া ইংল্যান্ড প্রথমার্ধেই ২-১ ব্যবধানে লিড নেয়। নাটকীয় দ্বিতীয়ার্ধে ইংলিশরা আরেক গোল করলেও পরিণত হয় ১০ জনের দলে। সেই সুবিধা পুরোপুরি নিতে পারল না মেক্সিকো। আরেক গোল শোধ করেও তাদের বিদায় নিশ্চিত হলো ৩-২ ব্যবধানে হেরে।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের চেনা গ্যালারির সুবিধা নিয়ে ইংল্যান্ডকে চেপে ধরে মেক্সিকো। ম্যাচের প্রায় ৬৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে খেলার ধারার বিপরীতে ২ মিনিটের ঝড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম।
৩৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল করে থ্রি লায়ন্সদের এগিয়ে দেন বেলিংহাম। এই গোলের রেশ কাটতে না কাটতেই মেক্সিকান রক্ষণভাগকে স্তম্ভিত করে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার।দুই গোল খেয়ে মরিয়া হয়ে ওঠা মেক্সিকো প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে হুলিয়ান কিনোনিওসের দারুণ গোলে ব্যবধান কমায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। রক্ষণভাগের খেলোয়াড় জারেল কোয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশরা। ম্যাচের বাকিটা সময় ১ জন কম নিয়ে মেক্সিকোর তুমুল আক্রমণের সামনে প্রতিরোধ গড়তে হয় তাদের। ৬০ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। সফল স্পট কিকে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন।
মেক্সিকোও ছেড়ে কথা বলেনি। ৯ মিনিট পরেই পেনাল্টি পায় তারাও। অভিজ্ঞ স্ট্রাইকার রাউল জিমেনেস গোল করে ম্যাচটিতে আবার উত্তেজনা ফিরিয়ে আনেন।
ম্যাচের শেষ ২০ মিনিট এবং রেফারির দেওয়া দীর্ঘ ১১ মিনিটের ইনজুরি সময়ে আজতেকা স্টেডিয়ামের গ্যালারি যেন নরকে পরিণত হয়েছিল। সমানে মেক্সিকান দর্শকদের বিতর্কিত ও আপত্তিকর স্লোগান ভেসে আসছিল সেখান থেকে।
১ জন বেশি থাকার সুবিধা নিয়ে মেক্সিকো অল-আউট আক্রমণে যায়। ম্যাচের শেষ মুহূর্তে ড্যান বার্ন এবং ডেক্লান রাইস নিজেদের শরীর বিলিয়ে দিয়ে মেক্সিকোর বাইসাইকেল কিক ও শট ব্লক করেন। শেষ মিনিটে জন স্টোন্সের করা একটি গোললাইন ক্লিয়ারেন্স এবং গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের একের পর এক দুর্দান্ত সেভে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় ইংল্যান্ড।
এই অবিশ্বাস্য জয়ের পর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী নরওয়ের। যারা আগের ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। কোয়ার্টার ফাইনালের এই লড়াইটি আগামী ১১ই জুলাই অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/ইবনুর















