আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর আবারও আলোচনায় ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার কোনো সফল ভবিষ্যদ্বাণী নয়, বরং ভুল প্রমাণিত একটি পূর্বাভাস। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা হারবে বলে দৃঢ়ভাবে দাবি করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত লিওনেল মেসির দলই জয় তুলে নিয়ে তার সেই দাবি মিথ্যা প্রমাণ করে।
বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচকে ঘিরে ম্যাচের আগেই কোয়াকু বোনসাম বলেছিলেন, এবারের সবচেয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তার ভাষ্য ছিল, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হবে এই ম্যাচেই। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে মাঠের লড়াই ছিল সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকেই কেপ ভার্দে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেও অভিজ্ঞতা ও দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নেয় আকাশি-নীলরা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও দুই দল সমানতালে লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এবং কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নেয়।
এই ফলের মধ্য দিয়ে কোয়াকু বোনসামের বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। যদিও অতীতে কয়েকটি ভবিষ্যদ্বাণী কাকতালীয়ভাবে মিলে যাওয়ায় তাকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।
এর আগে তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল এবং ট্রফি হাতে তুলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে তিনি বলেছিলেন, নিজের ‘কালো জাদুর’ কারণে হ্যারি কেইন গোল করতে পারবেন না। ওই ম্যাচে কেইন গোল না করায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি সেই প্রভাব তুলে নেওয়ার দাবি করলে ওই ম্যাচে গোল করেন ইংলিশ অধিনায়ক।
শুধু কোয়াকু বোনসামই নন, আর্জেন্টিনার হার হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও। তবে ম্যাচের ফলাফল তার সেই অনুমানকেও ভুল প্রমাণ করেছে।
সবমিলিয়ে, কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষা উতরে জয় তুলে নেওয়ার মাধ্যমে শুধু নকআউট পর্ব পারই হয়নি আর্জেন্টিনা, একই সঙ্গে নানা আলোচিত ভবিষ্যদ্বাণীকেও মাঠের পারফরম্যান্স দিয়ে ভুল প্রমাণ করেছে মেসির দল।
পূর্বকোণ/পিবিরা












