বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। তবে টুর্নামেন্টের ড্র হওয়ার সময় এমন প্রতিপক্ষ নিয়ে ভাবেনি লিওনেল স্কালোনির দল। বরং নকআউট পর্বে স্পেন কিংবা উরুগুয়ের মতো কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হবে বলেই ধারণা করেছিল আর্জেন্টাইন ফুটবলাররা।
ড্র অনুযায়ী ‘এইচ’ গ্রুপে কেপ ভার্দের সঙ্গে ছিল স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব। তাই অনেকের মতো আর্জেন্টিনাও ধরে নিয়েছিল, গ্রুপ থেকে স্পেন বা উরুগুয়েই এগিয়ে আসবে। কিন্তু সব হিসাব পাল্টে দিয়েছে তিন ম্যাচেই ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করা কেপ ভার্দে।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল বলেন, কেপ ভার্দেকে শুরুতে প্রতিপক্ষ হিসেবে ভাবেননি তারা। তবে এখন দলটিকে মোটেও হালকাভাবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, ‘যখন ড্র হলো, তখন আমরা ভেবেছিলাম শেষ ৩২-এ হয়তো কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নের (স্পেন বা উরুগুয়ে) মুখোমুখি হতে হবে, যাদের দলে ইউরোপের বড় লিগে খেলা অনেক ফুটবলার আছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি।’
ডি পল বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা গ্রুপ পর্বে নিজেদের প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে দারুণ খেলেছে। তাই আমাদের খুব দায়িত্বশীল থাকতে হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।’
স্কালোনির অধীনে দীর্ঘদিন খেলা এই মিডফিল্ডার মনে করেন, নকআউট পর্বের ম্যাচের চাপ সবসময়ই আলাদা। তবে বড় ম্যাচের অভিজ্ঞতা থাকায় সেই চাপ সামলে খেলতে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। তবে প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্দেকে ছোট দল হিসেবেও ভাবতে চায় না তারা।
ডি পল আরও বলেন, ‘নকআউটের প্রতিটি ম্যাচই ভিন্ন। এই পর্যায়ের আবেগ অনেক বেশি তীব্র। অভিজ্ঞতা থেকে আমরা জানি, কীভাবে এসব পরিস্থিতি সামলাতে হয়। তবে আবেগকে সম্মান করতেই হবে, কারণ এমন ম্যাচে সেটাই সবচেয়ে বড় পরীক্ষা।’
পূর্বকোণ/আরআর/পারভেজ















