হারারে টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ জুন) ম্যাচের তৃতীয় দিনেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মাত্র ১৮৫ রানে গুটিয়ে গেলে এই লজ্জাজনক পরাজয় নিশ্চিত হয়।
এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে দীর্ঘ ২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের এক বিব্রতকর রেকর্ড গড়ল টিম টাইগার্স। এর আগে সবশেষ ২০০১ সালের ২২শে এপ্রিল বুলাওয়েতে নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৩২ রানে হেরেছিল বাংলাদেশ।
সিরিজের প্রথম এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৪০ রানে অলআউট হয়ে ২৭০ রানে পিছিয়ে ছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে তৃতীয় দিনের শুরুতেই ব্যক্তিগত ২১ রানে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার দ্রুত বিদায়ের পর অভিজ্ঞ মুমিনুল হকও (১৩) বেশিক্ষণ টিকতে পারেননি।
চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৬১ রানের একটি জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে শান্ত ৩০ এবং মুশফিক দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে আউট হলে বাংলাদেশের পরাজয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
অভিষেক টেস্ট খেলতে নামা তাওহীদ হৃদয় (৯) ও অমিত হাসান (২৫) দলের হাল ধরতে ব্যর্থ হন। শেষ দিকে জিম্বাবুয়ের পেসারদের তোপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ । তাইজুল ইসলাম ৮ ও হাসান মাহমুদ ১৫ রানে আউট হলে ১৮৫ রানেই শেষ হয় বাংলাদেশের লড়াই। জিম্বাবুয়ের বোলারদের দাপটে বাংলাদেশের কোনো ব্যাটারই বড় কোনো ইনিংস খেলতে সক্ষম হননি।
পূর্বকোণ/সিজান/পারভেজ















