অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য মাথায় নিয়ে এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে টাইগারদের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের প্রথম দুই ম্যাচে টস হারলেও নিয়মরক্ষার এই শেষ ম্যাচে এসে অবশেষে টস জিতল বাংলাদেশ।
ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকের ম্যাচে অজিদের হোয়াইটওয়াশ করার হাতছানি শান্ত-লিটনদের সামনে। অন্যদিকে সম্মান বাঁচাতে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে সফরকারী অস্ট্রেলিয়া।
সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী। অপরদিকে নাহিদ রানার পরিবর্তে খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া দলও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। অজিদের আজকের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন বেন ডোয়ারশুইস এবং অলি পিক। দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্ট এবং নাথান এলিস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুপার কনোলি, মার্নাস ল্যাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, অলি পিক, রাইলি মেরেদিথ, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস ও অ্যাডাম জাম্পা।
পূর্বকোণ/আদর


















