ব্রাজিলের কোচ হিসেবে এক বছর দায়িত্ব পালন করেছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। ১২ ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন। ফর্মেশন ব্যবহার করেছেন ১৩টি। পরীক্ষা-নিরীক্ষার ওই যাত্রা শেষে রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ডন কার্লোর ব্রাজিল।
দেশটির সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, নানা কৌশল প্রয়োগ করে শেষ পর্যন্ত রাইট ব্যাকে দানিলো এবং লেফট ব্যাকে অ্যালেক্স সান্দ্রোকে রেখে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছেন আনচেলত্তি। অথচ কোচ হওয়ার পর কার্লো তার সিস্টেমে ডগলাস সান্তোস ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য।
অভিজ্ঞ দুই ফুলব্যাকের সঙ্গে সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিলের শুরুর একাদশে জায়গা পেতে যাচ্ছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েস ও পিএসজির মার্কুইনহোস। আনচেলত্তির মিডফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কাসেমিরো এবং নিউক্যাসল ইউনাইটেডের ব্রুনো গিমারেজ আনটাচএবল ছিলেন। তারা থাকবেন শুরুর একাদশে।
আনচেলত্তি দুই মিডফিল্ডার সিস্টেমে খেলবেন নাকি তিন মিডফিল্ডার নিয়ে তা নিয়ে বছর জুড়েই দ্বিধায় ছিলেন। তবে মূল মঞ্চের আগে তার ওই দ্বিধা কেটেছে। মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিতে লুকাস পাকুয়েতায় ভরসা রাখতে যাচ্ছেন তিনি। আক্রমণে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়া।
তবে রাফিনিয়া-কুনিয়া ও পাকুয়েতাকে নিয়ে অভিজ্ঞ কোচ আনচেলত্তির সম্ভাব্য সিস্টেম নিয়ে ধারণা দিতে পারেনি ব্রাজিলের সংবাদ মাধ্যম। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ অবশ্য বলে দিয়েছেন, কোন নির্দিষ্ট ফরমেশন ও সিস্টেম মেনে তার দল খেলবে না, ‘আমি একটা সিস্টেমে খেলায় না এবং দল পরিচালনার পছন্দের কোন ধরন নেই। দলে থাকা খেলোয়াড়, প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন, ফর্মেশন বদল হবে।’
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (লিভারপুল), দানিলো (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ফ্লামেঙ্গো), রাফিনিয়া (বার্সা), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ)।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ

















