বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন নাঈমের সহযোগী মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবে পক্ষ থেকে ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ।
শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রাম গিয়েছিলেন নাঈম। সেখান থেকে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে তুলে নিয়ে মারধর করে থানায় নিয়ে যান। এরপর নগরীর খুলশী থানায়ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ নাঈমের।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বাংলাদেশ দলের পেসার তাসকিন ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশ টি–টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস সতীর্থকে সাহস জুগিয়ে লিখেছেন, মাথা উঁচু রাখো নাঈম। তুমি একজন চমৎকার মানুষ। একজন সহকর্মী এবং সতীর্থ হিসেবে এই ঘটনায় আমি সত্যিই মর্মাহত। এই ঘটনায় সুষ্ঠু ও যথাযথ তদন্তের আশা করছি এবং যেন দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হয়।
খুলশী পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পূর্বকোণ/পিবিরা

















