যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর থেকেই একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে পড়ছে ‘থ্রি লায়ন্স’ খ্যাত ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠে নামার আগেই খেলোয়ারদের বুট-বল চুরি হওয়ায় বিশৃঙ্খলার মুখে পড়েছে দলটি।
গত শুক্রবার অনুশীলনের সরঞ্জামাদি ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পথে এক বড় ধরনের চুরির শিকার হয় ইংলিশ দল।
এই ঘটনায় খেলোয়াড়দের বুট, অনুশীলনের বল এবং কোচিং স্টাফদের প্রয়োজনীয় সরঞ্জামাদি খোয়া গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, চোরেরা কোচ টমাস টুখেলের ট্যাকটিক্যাল হোয়াইটবোর্ড, আধুনিক বিশ্লেষণধর্মী সরঞ্জাম এবং খেলোয়াড়দের ফিটনেস পুনরুদ্ধারের জন্য অত্যাবশ্যকীয় ম্যাসাজ টেবিল পর্যন্ত নিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। টুর্নামেন্টে মাঠের লড়াই শুরুর ঠিক আগে এত প্রয়োজনীয় সরঞ্জাম হারিয়ে যাওয়ায় কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে স্বাভাবিকভাবেই অস্বস্তি বিরাজ করছে।
ব্রিটিশ ফুটবল ফেডারেশন সংশ্লিষ্টরা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছে। ইংল্যান্ড দলের জন্য এই বিশ্বকাপ প্রস্তুতি যেন কোনো অভিশপ্ত অধ্যায়ের মতো হয়ে দাঁড়িয়েছে। এর আগেও দেশটিতে প্রবেশের পর থেকেই তারা নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে।
গত সপ্তাহে কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পের কাছেই একটি ভয়াবহ গোলাগুলির ঘটনায় ৯ জন আহত হন। যদিও ঘটনার সময় পুরো স্কোয়াড ফ্লোরিডায় ছিল, তবুও এমন নিরাপত্তাহীনতায় খেলোয়াড়দের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর রেশ না কাটতেই, ফ্লোরিডার অরল্যান্ডোতে প্রশিক্ষণের সময় ৬.১ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। যদিও এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক প্রস্তুতির ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সব প্রতিকূলতাকে পেছনে ফেলে আগামী মঙ্গলবার, ১৭ জুন বাংলাদেশ সময় বিকেল ৫টায় টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপের যাত্রা শুরু করবে ইংল্যান্ড। গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের সঙ্গী হিসেবে রয়েছে ঘানা ও পানামা।
ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে সরঞ্জাম চুরি ও একের পর এক দুর্ঘটনায় কোচ টমাস টুখেল এবং তার শিষ্যরা কতটুকু মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন এখন সেটাই দেখার বিষয়।
পূর্বকোণ/পিবিরা

















