জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে হেনস্তার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামে শুক্রবার (১৩ জুন) রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া আচরণ ছিল ‘অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত’। জাতীয় দলের একজন ক্রিকেটারের প্রতি এমন ব্যবহার অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি দ্রুত তদন্তের দাবি রাখে বলে মনে করে বোর্ড।
বিবৃতিতে বিসিবি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তদন্তে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
বিসিবি আরও জানায়, ঘটনার খবর পাওয়ার পর থেকেই নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বিষয়টির সমাধানে চট্টগ্রামের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছে বোর্ড।
বিবৃতির শেষদিকে বিসিবি পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটারদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা বদ্ধপরিকর। নাঈম হাসানকে ঘিরে ঘটনার পরবর্তী অগ্রগতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে বোর্ড।
পূর্বকোণ/এএইচ


















