চট্টগ্রাম শুক্রবার, ১২ জুন, ২০২৬

সর্বশেষ:

প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর

প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক

১২ জুন, ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ

আর্জেন্টিনার সমর্থকদের জন্য বড় সুখবর। ‘বাজপাখি’খ্যাত দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে প্রস্তুত। আঙুলের চোট নিয়ে শঙ্কা থাকলেও সর্বশেষ মেডিকেল পরীক্ষায় তিনি খেলার জন্য ফিট বলে বিবেচিত হয়েছেন।

 

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তুন এদুল-এর তথ্য অনুযায়ী, মার্টিনেজ তার চোট থেকে সফলভাবে সেরে উঠেছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত। টেস্টের পর আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফ তার ডান হাতের রিং ফিঙ্গারের প্লাস্টার খুলে দিয়েছেন।

 

বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন মার্টিনেজ। প্রথমবারের মতো তিনি গ্লাভস পরে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন, যা তার খেলার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

 

এর আগে আঙুলের হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে তার বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সর্বশেষ অগ্রগতিতে স্বস্তি পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি এবং আর্জেন্টিনা সমর্থকরা।

 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৭ জুন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে, যেখানে গোলবারের নিচে মার্টিনেজকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন অত্যন্ত উজ্জ্বল।

 

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট