চট্টগ্রাম শুক্রবার, ১২ জুন, ২০২৬

সর্বশেষ:

ইতিহাস গড়লো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভেঙে গেল ব্রাজিলের রেকর্ড

ইতিহাস গড়লো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভেঙে গেল ব্রাজিলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

১২ জুন, ২০২৬ | ১:১৯ অপরাহ্ণ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মানেই একদিকে স্নায়ুর চাপ, অন্যদিকে বাড়তি আকর্ষণ। এছাড়া রয়েছে ইতিহাসের নতুন পাতা খোলার উন্মাদনা। মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিও এর ব্যতিক্রম নয়। 

বৃহস্পতিবার রাতে স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। হুলিয়ান কুইনোনেস প্রথম গোল করেন। এরপর ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রসে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। এই জয়ে গ্রুপ-এ’তে নকআউট পর্বের দিকে এক ধাপ এগিয়ে গেল মেক্সিকো।

তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনা ছিল তিনটি লাল কার্ড নিয়ে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হলো।

৪৯ মিনিটে ব্রায়ান গুতিয়েরেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার স্পেপেলো সিথোলে। এর আগে তার ভুল থেকেই কুইনোনেসের গোল হয়েছিল। বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার ঘটনা এর আগে ঘটেছিল ১৯৯৪ সালে। সেবার জার্মানির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বলিভিয়ার মার্কো এচেভেরি। ৩২ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো।

৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর আলভারাদোর মুখে কনুই মারার দায়ে আরেকটি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে। ফলে দলটি নয়জনে নেমে আসে।

ম্যাচ শেষ হওয়ার আগেই তৃতীয় লাল কার্ডটি দেখেন মেক্সিকোর ডিফেন্ডার সিজার মন্টেস। পেনাল্টি বক্সের প্রান্তে খুলিসা মুদাউকে বাজেভাবে ট্যাকল করায় তাকে সরাসরি মাঠ ছাড়তে হয়। ফলে জয় নিয়েও ১০ জনের দল হয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

১২ বছর আগে সাও পাওলোতে মার্সেলোর আত্মঘাতী গোলে স্তব্ধ হয়েছিল ব্রাজিল। এতদিন সেই ঘটনাটিই ছিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দ্রুততম গোলের রেকর্ড হিসেবে অজেয়। কিন্তু আজটেকার মঞ্চে এসে সেই এক যুগের আধিপত্য গুঁড়িয়ে দিলেন হুলিয়ান কুইনোনাস। মার্সেলোর সেই আত্মঘাতী গোলের স্মৃতি পেছনে ফেলে কুইনোনেস এখন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে নতুন এক মাইলফলকের নাম—দ্রুততম গোলদাতা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর হয়ে গোল করতে মোটেও সময় নেননি হুলিয়ান কুইনোনেস। ম্যাচের ৮ মিনিটেই তার নির্ভুল এক স্ট্রাইকে মেক্সিকো এগিয়ে যায় ১-০ ব্যবধানে। বিশ্বকাপের বর্তমান আসরের দ্রুততম গোলের রেকর্ডটি কুইনোনেস নিজের নামের পাশে লিখিয়ে নিলেও, ফিফা বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ডের সিংহাসনটি কিন্তু এখনও অনেক দূরের পথ।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট