নিজেদের বিশ্বকাপ ম্যাচ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দলের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো ইনজুরিতে পড়ায় আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে গিয়ে তাগলিয়াফিকোর বাম পায়ের সোলিয়াস পেশিতে টান লাগে। ম্যাচের পর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি।
আর্জেন্টিনা কোচিং স্টাফ ও প্রধান কোচ লিওনেল স্কালোনি তার শারীরিক অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। বিশ্বকাপের আগে দলের একাধিক খেলোয়াড় যেমন লিওনেল মেসি, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর ফিটনেস নিয়েও কিছুটা দুশ্চিন্তা রয়েছে। এর মধ্যে তাগলিয়াফিকোর ইনজুরি নতুন করে চাপ তৈরি করেছে।
বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে আর্জেন্টিনার আর কোনো স্বীকৃত লেফট ব্যাক নেই। তাই তাগলিয়াফিকো না খেলতে পারলে বিকল্প নিয়ে সমস্যায় পড়তে পারেন কোচ স্কালোনি। পরীক্ষামূলকভাবে ফাকুন্দো মেদিনাকে সেই পজিশনে ব্যবহার করা হয়েছে। এছাড়া ভালেন্তিন বার্কোকেও বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্র ও স্থানীয় গণমাধ্যমের দাবি, ইনজুরিটি গুরুতর নয় এবং তিনি সময়মতো সেরে উঠতে পারেন। তাই এখনই তাকে পুরোপুরি বাদ দেওয়ার সম্ভাবনা কম।
আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে, এরপর অস্ট্রিয়া (২২ জুন) ও জর্ডানের (২৮ জুন) বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো।
পূর্বকোণ/ইবনুর


















