বিশ্বকাপের প্রস্তুতিতে যখন ব্রাজিলের অন্য খেলোয়াড়রা মাঠে ঘাম ঝরাচ্ছেন, তখন নেইমার লড়ছেন অন্য এক লড়াইয়ে।
চোট থেকে সেরে উঠতে বর্তমানে তিনি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন।
আগামী রবিবার (১৪ জুন) নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচের আগে নিউ জার্সির মরিসটাউনে চলছে দলের শেষ পর্যায়ের প্রস্তুতি। তবে বুধবারের (১০ জুন) অনুশীলনেও দেখা যায়নি তারকা ফরোয়ার্ড নেইমারকে।
মরক্কোর বিপক্ষে ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এখনও নাকি জাতীয় দলের ক্যাম্পে আসেননি নেইমার।
গত মাসে সান্তোসের হয়ে খেলার সময় গ্রেড-২ মাসল টিয়ারের শিকার হন নেইমার। পরবর্তীতে ব্রাজিল ক্যাম্পে পরীক্ষায় তার এই ইনজুরি নিশ্চিত হয়।
এখন তিনি নিবিড়ভাবে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন।
এ কারণে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া প্রায় নিশ্চিতভাবেই সম্ভব না। শুধু তাই নয়, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তবে নেইমার ছাড়াও দল নিয়ে আশাবাদী ব্রাজিল শিবির। সাবেক মিডফিল্ডার জিনহো বলেন, এবার ব্রাজিল টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট না হলেও তাদের ভালো দল গড়ার সুযোগ আছে।
এদিকে, বুধবার ছিল কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন। এই দিনটিতে খেলোয়াড়রা তাকে ঐতিহ্যবাহী গার্ড অব অনার দিয়ে সম্মান জানায়।
বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া বলেন, তারা কোচকে খুব বেশি কষ্ট না দিয়ে সম্মান দেখিয়েছেন এবং তিনি হাসিমুখেই সেই মুহূর্তটি গ্রহণ করেন এবং বিশ্বকাপ যাত্রায় সবাই এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।
পূর্বকোণ/আদর

















