চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ জুন, ২০২৬

মে মাসের সেরার মনোনয়নে মুশফিক ও তাইজুল

মে মাসের সেরার মনোনয়নে মুশফিক ও তাইজুল

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। মে মাসের সেরার লড়াইয়ে বাংলাদেশের অভিজ্ঞ দুই ক্রিকেটারের সঙ্গী নেপালের দিপেন্দ্রা সিং ঐরি।

 

বুধবার (১০জুন) গত মাসের সেরার লড়াইয়ে জায়গা পাওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করে আইসিসি।

 

মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল, পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা ও নিউ জিল্যান্ডের ব্যাটার ম্যাডি গ্রিন।

 

মুশফিকুর রহিম

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিক। ৬৩.২৫ গড়ে ২৫৯ রান করে ম্যান অব দা সিরিজ হন অভিজ্ঞ ব্যাটসম্যান। ২১ বছর ও ১০২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই স্বীকৃতি পান তিনি প্রথমবার।

 

মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মুশফিক।
সিরিজের সেরা পারফরম্যান্স উপহার দেন তিনি সিলেটে দ্বিতীয় টেস্টে, দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের চমৎকার ইনিংস খেলেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান।ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরিতে মুমিনুল হককে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড নিজের করে নেন তিনি।

 

তাইজুল ইসলাম

১৯.৬১ গড়ে ১৩ উইকেট নিয়ে দুই টেস্টের ওই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাইজুল। মিরপুর টেস্টে দুই ইনিংসেই তার উইকেট ছিল ২টি করে। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসের ৬টিসহ ম্যাচে মোট ৯ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।শুধু বোলিংয়েই নয়, সিলেটে ব্যাট হাতেও দুই ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

 

দিপেন্দ্রা সিং ঐরি

গত মাসে কীর্তিপুরে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করেন এই অলরাউন্ডার। ছয়টি ওয়ানডেতে ৪৯.৮০ গড় ও ১১০.৬৬ স্ট্রাইক রেটে রান করেন ২৪৯।একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেন তিনি। এছাড়া ওভারপ্রতি ৪.৫২ করে রান দিয়ে উইকেট নেন ৮টি।

 

লরেন বেল

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বেল। পরে একই দলের বিপক্ষে ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বল হাতে আলো ছড়ান তিনি। তিনটি ওয়ানডেতে তার উইকেট ছিল ৫টি, চারটি টি-টোয়েন্টিতে ৮টি।

 

গুল ফিরোজা

করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে ১২৮ গড়ে ২৫৬ রান করেন তিনি। তিন ম্যাচে তার রান ছিল ৫০, ১০০ ও অপরাজিত ১০৬।চারটি টি-টোয়েন্টিতে ১৫৭.৬৯ স্ট্রাইক রেটে তিনি করেন ৮২ রান।

 

ম্যাডি গ্রিন

ইংল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্রিন। দুই ইনিংসে ৮৩.৩৩ স্ট্রাইক রেটে ১২৫ রান করে তিনি ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
তিনটি টি-টোয়েন্টিতে ৯৮.৯৩ স্ট্রাইক রেটে তার ব্যাটে আসে ৯৩ রান।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট